ইন্দোনেশিয়ার রাবারে লেপটোসফারিয়া নামের এক ধরনের রোগের প্রকোপ দেখা দিয়েছে। এ কারণে চলতি বছরে দেশটিতে প্রাকৃতিক রাবার উৎপাদন ১৫ শতাংশ কমে যেতে পারে। দেশটির কৃষি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়া।
ইন্দোনেশিয়ার কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লেপটোসফারিয়া দেশটির প্রায় ৩ লাখ ৮১ হাজার ৯০০ হেক্টর জমির রাবার উৎপাদনে ব্যাঘাত ঘটাতে পারে। এর মধ্যে বেশি রাবার আবাদ হওয়া অঞ্চলগুলোতে এর প্রভাব বিস্তার করার সম্ভাবনা বেশি। যেমন উত্তর সুমাত্রা, দক্ষিণ সুমাত্রা, বাংকা বেলিটুং, পশ্চিম, মধ্য এবং পূর্ব কালিমান্তায় রোগটির প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
ইন্দোনেশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ প্রাকৃতিক রাবার উৎপাদনকারী দেশ। প্রতিকূল পরিবেশের কারণে ২০১৫ সাল থেকে দেশটিতে রাবার উৎপাদন খাতে মন্দাভাববজায় রয়েছে। চলতি বছরে দেশটির রাবার উৎপাদন খাত আরেক নতুন চ্যালেঞ্জ যুক্ত হলো। ২০১৭ সালে দেশটি ৩৬ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে ৩৬ লাখ ৮০ হাজার টন রাবার উৎপাদন করেছিল।










