প্রকৌশল খাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের শেয়ারদর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২ দশমিক ১৫ শতাংশ বেড়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬০ কোটি ৩৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড় হিসাবে এ লেনদেন ছিল ১২ কোটি ৭ লাখ ৪০ হাজার টাকা। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ১ অক্টোবর দেশবন্ধু পলিমারের শেয়ারদর ছিল ২২ টাকা ৩০ পয়সা। এর পর থেকে কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী। সর্বশেষ গত বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ছিল ৩৬ টাকা ৪০ পয়সা।
এদিকে নিজ গ্রুপের তিনটি কোম্পানিকে (দেশবন্ধু সুগার মিলস, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ ও দেশবন্ধু প্যাকেজিং লিমিটেড) একীভূত করতে চায় দেশবন্ধু পলিমার। এ লক্ষ্যে কোম্পানিটি ১৬ অক্টোবর বেলা ৩টায় পর্ষদ সভা আহ্বান করেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ২০ পয়সায়।
এর আগে সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা ও পরিচালক বাদে শুধু সাধারণ শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে দেশবন্ধু পলিমার। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৭ পয়সা।










