চীনের অবকাঠামো নির্মাণ ও অটোমোবাইল খাত মূলত আমদানি করা রাবারজাত পণ্যের ওপর নির্ভরশীল। যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ থেকে রাবারজাত বিভিন্ন পণ্য আমদানি করে বেইজিং। একই সঙ্গে চীনের রাবারজাত পণ্য উৎপাদন খাতও দ্রুত বিকাশ লাভ করছে। এ পরিস্থিতিতে চলতি বছরই দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বাজার থেকে রাবারজাত পণ্য আমদানিতে অ্যান্টি-ডাম্পিং শুল্ক বসিয়েছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স ও সিএনবিসি।

এক বিবৃতিতে চীনা বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০ ডিসেম্বর থেকে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও ইইউর কয়েকটি কোম্পানির কাছ থেকে আমদানি করা রাবারজাত পণ্যের ওপর অ্যান্টি-ডাম্পিং শুল্ক আরোপ হয়েছে। এক্ষেত্রে বিবৃতিতে আপাতত দুটো কোম্পানির নাম উল্লেখ করেছে চীন। মার্কিন কোম্পানি ডো কেমিক্যাল থেকে রাবারজাত পণ্য আমদানিতে ২২২ শতাংশ হারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক দিতে হবে।

অন্যদিকে এক্সন মবিল করপোরেশনের কাছ থেকে এসব পণ্য আমদানিতে গুনতে হবে ২১৪ দশমিক ৯ শতাংশ হারে অ্যান্টি-ডাম্পিং শুল্ক। পণ্যের তালিকায় ইথিলেন-পপিলেন-নন কনজোগেটেড ডাইন রাবারের নাম উল্লেখ করেছে চীন। পরবর্তী সময়ে তালিকায় আরো কোম্পানি ও পণ্যের নাম অন্তর্ভুক্ত হতে পারে।