ইউনাইটেড ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটির (ইউআইইউ) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের টিম
‘অ্যাপোক্যালিপস’ আন্তর্জাতিক
ব্লকচেইন অলিম্পিয়াডে অংশগ্রহণ করে শীর্ষস্থান অর্জন করেছে। শুক্রবার (১৭ নভেম্বর) প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড
অনুষ্ঠিত হয় নেদারল্যান্ডসের আমস্টারডামে।
এ বছর প্রতিযোগিতায়
বাংলাদেশ, কানাডা, চীনসহ মোট ২০টি দেশের ৪৫টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দল প্রতিযোগিতায়
তাদের বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং দক্ষতার মাধ্যমে নিজেদের তুলে ধরে।
প্রতিযোগিতায়
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাদিয়া আহমেদ, সাহিদ হোসেন রাতুল, এবং জিশানুল
ইসলাম ব্লকচেইন প্রযুক্তির ক্ষেত্রে ব্যতিক্রমী দক্ষতা এবং উদ্ভাবন প্রদর্শন করে চ্যাম্পিয়ন
(গোল্ড বিজয়ী) হয়েছে। তারা একটি প্রশংসাপত্র এবং ২ হাজার ৪০০ ইউরো প্রাইজমানি পেয়েছেন।
এছাড়া ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আরেক টিম ‘আনচেইনড’ তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য ষষ্ঠ (মেরিট পুরস্কার) স্থান অর্জন করেছে। যার সদস্যরা হলেন– আনিকা খায়ের অরপি, শোয়েব হাসান, এবং ফারহি আলিনা আহমেদ।










