বৈশ্বিক নিম্নমুখী প্রবণতার কারণে ইউক্রেনের সূর্যমুখী তেলের রফতানি মূল্য গত এক সপ্তাহে টনপ্রতি ১০-১৫ ডলার কমেছে। এগ্রিবিজনেস পরামর্শক প্রতিষ্ঠান এপিকে-ইনফর্ম গতকাল এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ফেব্রুয়ারি-মার্চে সরবরাহের জন্য ফ্রি অন বোর্ড (এফওবি) ব্ল্যাক সি চুক্তিতে ইউক্রেনে উৎপাদিত সূর্যমুখী তেলের দর টনপ্রতি ১ হাজার ২৮৫ থেকে ১ হাজার ২৯৫ ডলারের মধ্যে অবস্থান করছে।

গত মাসে ২০২০-২১ মৌসুমের জন্য ইউক্রেনের সূর্যমুখী তেল উৎপাদন ও রফতানির পূর্বাভাস বাড়িয়েছে এপিকে-ইনফর্ম। তবে তা আগের মৌসুমের তুলনায় কিছুটা কমই থাকবে। প্রতিষ্ঠানটির পূর্বাভাসে ২০২০-২১ মৌসুমে দেশটিতে ৬২ লাখ ১৯ হাজার টন সূর্যমুখী তেল উৎপাদনের প্রাক্কলন করা হয়েছে। আর রফতানির পূর্বাভাস দেয়া হয়েছে ৫৭ লাখ ৮০ হাজার টন। ২০১৯-২০ মৌসুমে ৭০ লাখ টন সূর্যমুখী তেল উৎপাদন করেছিল ইউক্রেন। আর পণ্যটির রফতানির পরিমাণ ছিল ৬৬ লাখ ৩২ হাজার টন।

বিদেশে চাহিদা বেড়ে যাওয়ায় ২০২০-২১ মৌসুমের প্রথম চার মাসে সূর্যমুখী তেল রফতানিতে বেশ ভালো অবস্থানে রয়েছে ইউক্রেন। এ সময়ে ২২ লাখ টন তেল রফতানি করেছে তারা, যা আগের মৌসুমের একই সময়ের চেয়ে ১২ শতাংশ বেশি। এ ঊর্ধ্বমুখী প্রবণতার কারণেই পুরো মৌসুমের জন্য রফতানি পূর্বাভাস বাড়িয়েছে এপিকে-ইনফর্ম।

কমেছে গমের রফতানি মূল্যও: গম রফতানিতে আসন্ন নিষেধাজ্ঞাকে সামনে রেখে শস্যটির রফতানি বাড়িয়ে দিয়েছে রাশিয়া। এতে কমে গেছে ইউক্রেনের গমের রফতানি মূল্য। এপিকে-ইনফর্মের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে গম রফতানিতে টনপ্রতি ১০-১১ ডলার দর হারিয়েছে রাশিয়ার প্রতিবেশী দেশটি।

এফওবি ব্ল্যাক সি চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের টনপ্রতি ২৮০-২৮৮ ডলার দাম পেয়েছে ইউক্রেন। আর ১১ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ গমের রফতানি মূল্য ছিল প্রতি টন ২৭৮-২৮৬ ডলার।