ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মমিনুল ইসলাম পদত্যাগ করেছেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছে আইপিডিসি কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির পর্ষদ তার পদত্যাগপত্র গ্রহণ করেছে।
মমিনুল ইসলাম বণিক বার্তাকে বলেন, ‘দেশের এনবিএফআই খাতে দীর্ঘদিন ধরে কাজ করেছি। এবার আমি নতুন কিছু করতে চাই। বিশেষ করে ফিনটেক বা আর্থিক প্রযুক্তি নিয়ে আমার কাজ করার আগ্রহ রয়েছে। নিজের কোনো প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কাজ করার ইচ্ছা আছে।’
উল্লেখ্য, মমিনুল ইসলাম ২০০৬ সালে হেড অব অপারেশনস অ্যান্ড টেকনোলজি পদে আইপিডিসিতে যোগ দেন। ২০১২ সালে তিনি প্রতিষ্ঠানটির এমডি ও সিইওর দায়িত্ব গ্রহণ করেন। এমডি হিসেবে তিনি চার মেয়াদে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৩ জানুয়ারি তার বর্তমান মেয়াদ শেষ হচ্ছে। পঞ্চম দফায় তিনি প্রতিষ্ঠানটির এমডি হিসেবে চুক্তি নবায়ন করেননি। তার পদত্যাগপত্র প্রতিষ্ঠানটির পর্ষদ গ্রহণ করেছে। ফলে আগামী বছরের ৩ জানুয়ারির পর থেকে তিনি আর প্রতিষ্ঠানটির এমডি হিসেবে থাকছেন না।
মমিনুল ইসলাম ২০২০-২২ মেয়াদে বাংলাদেশ লিজিং অ্যান্ড ফাইন্যান্স কোম্পানিজ অ্যাসোসিয়েশনের (বিএলএফসিএ) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) নির্বাহী কমিটির সদস্য। সম্প্রতি তিনি অ্যাসোসিয়েশন অব দ্য ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস ইন দ্য এশিয়া অ্যান্ড প্যাসিফিকের (আফডিয়াপ) চেয়ারম্যান হয়েছেন।









