ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, গ্রিন সেভারস ও কমিউনিটি টাউন ফেডারেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ডিএনসিসি। সম্প্রতি ডিএনসিসির প্রধান কার্যালয় নগর ভবনের একটি সম্মেলন কক্ষে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খাজা শাহরিয়ারের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির পক্ষে গ্রুপ কোম্পানি সেক্রেটারি মোস্তফা কামাল, ডিএনসিসির পক্ষে প্রধান নগর পরিকল্পনাবিদ মাকসুদ হাশেম, গ্রিন সেভারসের পক্ষে প্রতিষ্ঠাতা আহসান রনি ও কমিউনিটি টাউন ফেডারেশনের পক্ষে সভাপতি নাসরিন আক্তার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, অ্যাশট-রকফেলার ফাউন্ডেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন, গ্রিন সেভারসের প্রতিষ্ঠাতা আহসান রনি ও কমিউনিটি টাউন ফেডারেশনের সভাপতি নাসরিন আক্তার। আরো উপস্থিত ছিলেন লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির চিফ ক্রেডিট রিস্ক অফিসার মোহাম্মদ নাজমুল হাসান টিপু, জেনারেল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস বিভাগ প্রধান মুহাম্মদ হাবিব হায়দার, ব্র্যান্ড মার্কেটিং ও কমিউনিকেশনস বিভাগ প্রধান মো. রাজিউদ্দিন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সচিব মাসুদ আলম ছিদ্দিক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান প্রমুখ। —বিজ্ঞপ্তি