গ্লোবাল এন্টারপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইউডব্লিউ) বাংলাদেশ ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর যৌথ উদ্যোগে গ্লোবাল এন্টারপ্রেনারশিপ উইক-২০২৫-এর জাতীয় পর্বের উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে ধানমন্ডির সোবহানবাগের ড্যাফোডিল প্লাজায় এর উদ্বোধন হয়।

‘আজকের উদ্ভাবকদের ক্ষমতায়নের মাধ্যমে আগামী দিনের বিশ্ব গড়া’- প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সম্মেলনে দেশের তরুণ উদ্যোক্তা, উদ্ভাবক, শিক্ষাবিদ ও ইকোসিস্টেম নেতারা উপস্থিত ছিলেন।

thumb (1)

বিশ্বের দুই শতাধিক দেশে উদযাপিত জিইউডব্লিউ-এর বাংলাদেশ পর্বকে নেতৃত্ব দিচ্ছে ডিআইইউ। এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য ‘একসাথে আমরা গড়ি’ (টুগেদার উই বিল্ড)-এর আলোকে এ আয়োজন তরুণদের ক্ষমতায়ন ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেছে। চাকরি খোঁজার মানসিকতা থেকে বেরিয়ে এসে চাকরি সৃষ্টির সংস্কৃতি তৈরির একটি জাতীয় অঙ্গীকারের প্রতীক হয়ে উঠেছে এ সম্মেলন। অনুষ্ঠানে মাস্টারক্লাস, প্যানেল আলোচনা, স্টার্টআপ ফান্ডিংয়ের সুযোগ ও তরুণদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের মতো বিভিন্ন কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা: বিধান রঞ্জন রায় পোদ্দার। তিনি বলেন, আমাদের লক্ষ্য, প্রাথমিক স্তর থেকেই শিশুদের মধ্যে এমন একটি মানসিক ভিত্তি তৈরি করা, যেখানে তারা তাদের সৃজনশীল ধারণাগুলোকে সমাজের জন্য ফলপ্রসূ উদ্যোগে রূপান্তরিত করতে শিখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআইইউ-এর প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান। তিনি বলেন, আমাদের লক্ষ্য তরুণদের চাকরিপ্রার্থী নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে তৈরি করা।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন জেন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. কে. এম. হাসান, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন এন্ট্রাপ্রেনারসের প্রেসিডেন্ট ড. রুবিনা হোসাইন, ফিনপাওয়ার লিডারশিপ ইন্টারন্যাশনালের সিইও সাইফুল হোসাইন।

জেন বাংলাদেশ আয়োজিত এ সমাবেশে তরুণ উদ্যোক্তা, স্টার্ট-আপ প্রতিষ্ঠাতা, বিনিয়োগকারী ও নীতিনির্ধারকেরা উদ্ভাবন, স্টার্ট-আপ ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন, ফান্ডিং সুযোগ ও বৈশ্বিক উদ্যোক্তা সংযোগ নিয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

-বিজ্ঞপ্তি