৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ। কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের পাশাপাশি এ সুপারিশ করা হয়। এক মূল্য সংবেদনশীল তথ্যে এ সিদ্ধান্ত জানিয়েছে বস্ত্র খাতের কোম্পানিটি।
আর্থিক প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের তমিজউদ্দিন টেক্সটাইল মিলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৫ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৭ টাকা ২ পয়সা। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮২ টাকা ৩০ পয়সায়।
এদিকে ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদে অনুমোদন নিতে এ বছরের ২২ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৪ নভেম্বর।
ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে গত বছরের ১৩ জুন স্টক এক্সচেঞ্জের মূল মার্কেটে আসে বস্ত্র খাতের কোম্পানি তমিজউদ্দিন টেক্সটাইল মিলস। ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৫ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ১৮ পয়সা।
ডিএসই আজ কোম্পানিটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ২৫২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে এ শেয়ারের দর ১১৬ টাকা ৩০ পয়সা ও ৩০৯ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে।










