রাশিয়ায় উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে অন্যতম ক্যানোলা। দেশটিতে তেলবীজটির উৎপাদন দিন দিন বাড়ছে। এ ধারাবাহিকতায় ২০২৪ সাল নাগাদ কৃষিপণ্যটির আবাদি জমি কয়েক গুণ বাড়াতে পারে রাশিয়া, যা ক্যানোলার বৈশ্বিক বাণিজ্যে দেশটির অবস্থান আরো পোক্ত করে তুলবে। খবর ওয়েস্টার্ন প্রডিউসার।

কয়েক দশক ধরে রাশিয়ায় ক্যানোলা আবাদ ক্রমবর্ধমান হারে বাড়ছে। সদ্য বিদায়ী বছরে দেশটির ৪৪ লাখ ৫০ হাজার একর জমিজুড়ে তেলবীজটির আবাদ করা হয়। জার্মান সিড অ্যালায়েন্সের অয়েলসিড প্রধান সার্জি তাখিন বলেন, ২০২৪ সাল নাগাদ দেশটিতে ক্যানোলার আবাদি জমি বেড়ে ১ কোটি ২৩ লাখ ৫০ হাজার একরে উন্নীত হতে পারে।

তিনি বলেন, ক্যানোলা বাণিজ্যে দ্রুততর প্রতিযোগী হিসেবে আবির্ভাব হচ্ছে রাশিয়া, যা অন্যান্য শীর্ষ রফতানিকারক দেশ বিশেষ করে কানাডার জন্য হুমকিস্বরূপ হয়ে উঠছে।

২০১৯ সালে সব মিলিয়ে ২২ লাখ টন ক্যানোলা উৎপাদন করেছে রাশিয়ার কৃষকরা। এক দশক আগের তুলনায় দেশটিতে তেলবীজটির উৎপাদন বেড়েছে দুই লাখ টন।

আন্তর্জাতিক বাজারে ক্যানোলার দামে ধারাবাহিক স্থিতিশীলতা, বৈশ্বিক চাহিদা ও চাঙ্গা ভাব দেশটির কৃষকদের তেলবীজটি উৎপাদনে আগ্রহী করে তুলছে।