কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের চলতি মূলধনের অর্থায়ন সুবিধা বাড়াতে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি) আয়োজিত এক অনুষ্ঠানে এ-সংক্রান্ত অংশগ্রহণমূলক চুক্তিতে আবদ্ধ হয় প্রতিষ্ঠান দুটি। এ সময় আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিজওয়ান দাউদ সামস এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক মো. জাবদুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আইপিডিসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়; পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় যোগ্য সিএমএসএমই উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে চলতি মূলধনের অর্থায়ন সুবিধা দেয়া হবে। এ অর্থায়ন দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা, প্রয়োজনীয় তারল্য নিশ্চিত করা এবং ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে। একই সঙ্গে সিএমএসএমই খাতের বিভিন্ন পর্যায়ের ব্যবসার জন্য প্রাতিষ্ঠানিক অর্থায়নের সুযোগ বাড়াতে ভূমিকা রাখবে।

আইপিডিসি ফাইন্যান্সের এমডি রিজওয়ান দাউদ সামস বলেন, ‘সিএমএসএমই খাতের ব্যবসার ধারাবাহিকতা ও প্রবৃদ্ধির জন্য সময়মতো এবং সাশ্রয়ী হারে চলতি মূলধনের অর্থায়ন পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ স্কিমে অংশগ্রহণের মাধ্যমে আমরা দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য অর্থায়নের সুযোগ আরো বাড়াতে চাই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উদ্যোক্তাদের জন্য সহজলভ্য ও দায়িত্বশীল অর্থায়নের সুযোগ বাড়ানোর পাশাপাশি সিএমএসএমই খাতকে শক্তিশালী করতে কাজ করছে আইপিডিসি ফাইন্যান্স। এছাড়া নিয়ন্ত্রক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে সম্ভাবনাময় এবং অর্থায়ন সুবিধার বাইরে থাকা ব্যবসাগুলোকে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে যুক্ত করার লক্ষ্য রয়েছে প্রতিষ্ঠানটির।