কফি রফতানিতে বড় প্রবৃদ্ধির দেখা পেয়েছে ভিয়েতনাম। চলতি বছরের প্রথম পাঁচ মাসে দেশটির কফি রফতানি যেমন লক্ষণীয় মাত্রায় বেড়েছে, ঠিক তেমন বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে বেড়েছে আয়ও। খবর বিজনেস রেকর্ডার।

ভিয়েতনাম কফি উৎপাদনে বিশ্বের অন্যতম শীর্ষ দেশ। রোবাস্তা কফি উৎপাদনে দেশটি প্রথম। দেশটির শুল্ক বিভাগ এক প্রতিবেদনে জানায়, জানুয়ারি-মে পর্যন্ত ভিয়েতনাম ৮ লাখ ৮১ হাজার ৫৬৫ টন কফি রফতানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ২৩ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, গত পাঁচ মাসে কফি রফতানি থেকে দেশটি ১৯০ কোটি ডলার আয় করেছে। তবে এপ্রিলের তুলনায় মে মাসে দেশটির রফতানি ১১ দশমিক ৫ শতাংশ কমেছে। রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩৫৩ টনে। রফতানি থেকে আয় এসেছে ৩৪ কোটি ডলার।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানায়, পাঁচ মাসে ভিয়েতনামিজ কফির গড় দাম টনপ্রতি ২ হাজার ২০০ ডলারের বেশি দাঁড়িয়েছে। বছরওয়ারি দাম বেড়েছে ২৪ শতাংশ।

বৈদেশিক বাণিজ্য বিভাগ জানায়, আগামী দিনগুলোয় কফির দাম আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে ভিয়েতনামসহ অন্য রফতানিকারকরা ভালো সুবিধা পাবে। ২০৩০ সালের মধ্যে কফি রফতানি থেকে বছরে ৫০০-৬০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দ্য ভিয়েতনাম কফি অ্যান্ড কোকো অ্যাসোসিয়েশন।