আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে স্বর্ণের দাম। বর্তমানে ধাতুটির বাজারদর দুই মাসের সর্বোচ্চে। গত সপ্তাহে প্রতি আউন্সের দাম বেড়েছে প্রায় ৫০ ডলার। খবর রয়টার্স। তথ্য বলছে, স্পট মার্কেটে গতকাল প্রতি আউন্স স্বর্ণের মূল্য দাঁড়ায় ২ হাজার ৮৪ ডলার ১৩ সেন্টে। আগের কার্যদিবসেও দাম প্রায় একই পর্যায়ে ছিল। তবে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে প্রতি আউন্সের দাম দশমিক ২ শতাংশ কমে ২ হাজার ৯০ ডলার ৯০ সেন্টে নেমেছে।

বিশ্লেষকরা বলছেন, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক উপাত্ত প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দেশটির অর্থনীতিক পরিস্থিতি অনেকটাই দুর্বল। এ পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মাঝে সুদহার কমার প্রত্যাশা আরো জোরদার হয়েছে। এ কারণেই মূলত ধাতুটির বাজার ঊর্ধ্বমুখী। ধারণা করা হচ্ছে, আগামী জুনেই ফেডারেল রিজার্ভ সুদহার কমানোর প্রক্রিয়া শুরু করবে।

গত বছরের ডিসেম্বরের শুরুর দিকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়ে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যায়। প্রতি আউন্সের মূল্য ওঠে ২ হাজার ১৩৫ ডলার ৪০ সেন্টে। বর্তমানে সে উচ্চতায় থেকে নেমে এসেছে ধাতুটির বাজার। তবে গত শুক্রবার প্রতি আউন্সের দাম ২ হাজার ৮৮ ডলার ১৯ সেন্টে পৌঁছে, যা ২৮ ডিসেম্বরের পর সর্বোচ্চ।

জানা গেছে, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের শিল্পোৎপাদন ও অবকাঠামো নির্মাণ ব্যয়সংক্রান্ত উপাত্ত প্রকাশের পর স্বর্ণের বাজারে বড় উল্লম্ফন দেখা দেয়। এসব খাতের দুর্বল পরিস্থিতির ফলে ওই সপ্তাহে ধাতুটির দাম আউন্সে প্রায় ৫০ ডলার বেড়েছে।