চলতি বছর জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি বুন্দেসব্যাংকের পূর্বাভাসে এ তথ্য প্রকাশ করা হয়। খবর আনাদোলু এজেন্সি।
সম্প্রতি বুন্দেসব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়, জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধি পুনরুদ্ধার অব্যাহত থাকবে। তবে গত বছরের ডিসেম্বরের পূর্বাভাসের তুলনায় প্রবৃদ্ধি কম হবে। এদিকে ইউক্রেনে রুশ সামরিক আগ্রাসনের কারণে অর্থনৈতিক অনিশ্চয়তা বিরাজমান। এ বিষয়েও সতর্ক করেছে প্রতিষ্ঠানটি।
এছাড়া চলতি বছর দেশটিতে গড়ে বার্ষিক মূল্যস্ফীতির হার ৭ দশমিক ১ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি। বুন্দেসব্যাংকের প্রেসিডেন্ট জোয়াচিম নাজেল বলেন, ১৯৮০ সালের শুরু থেকেও মূল্যস্ফীতির হার এ বছর বেশি থাকবে। সম্প্রতি পণ্যমূল্যের চাপ আরো বেড়েছে, যা বর্তমান পূর্বাভাসের আওতাভুক্ত নয়।
রাশিয়া-ইউক্রেন সংঘাতের জের ধরে বিশ্ববাজারে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম ঊর্ধ্বমুখী। ফলে সব ধরনের পণ্যের দামই বাড়ছে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। তবে আগামী বছর থেকেই জার্মানিতে মূল্যস্ফীতির হার কমার পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি।
২০২৩ সালে মূল্যস্ফীতির হার ৪ দশমিক ৫ শতাংশ ও ২০২৪ সালে তা ২ দশমিক ৬ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দিয়েছে ব্যাংকটি।










