আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের সুবিধার্থে ছুটির দিনেও অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য বিশেষ ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সংস্থাটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মূলত সম্ভাব্য প্রার্থীদের জন্য এনবিআর ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের সহায়তায় একটি বিশেষ ‘হেল্পডেস্ক’ চালু করেছে। ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কার্যালয়ে এ হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে। এখান থেকে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলসংক্রান্ত প্রয়োজনীয় সব ধরনের সেবা দেয়া হবে।
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হেল্পডেস্ক ২৬ ডিসেম্বর (শুক্রবার) বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এবং ২৭ ডিসেম্বর (শনিবার) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকবে।
সেবাটি এনবিআরের অধীন কর কমিশনারের কার্যালয়, ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিট এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি), লেভেল-৭, রমনা, ঢাকায় পাওয়া যাবে। এছাড়া প্রার্থীদের অনলাইনে নির্বিঘ্নে আয়কর রিটার্ন দাখিলে সহায়তার জন্য নিয়মিত অফিস সময়েও ২৮ ও ২৯ ডিসেম্বর হেল্পডেস্কের সেবা চালু থাকবে বলে জানিয়েছে এনবিআর।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের জন্য বাধ্যতামূলক আয়করসংক্রান্ত শর্ত পূরণ সহজ ও সুষ্ঠু করতেই এ উদ্যোগ নেয়া হয়েছে।









