নতুন সাজে সেজেছে যুক্তরাষ্ট্রের সুপারশপ চেইন ওয়ালমার্ট। মূলত ঘরের বাজারের জন্য পরিচিত ওয়ালমার্টের স্টোরে যুক্ত হয়েছে সুসজ্জিত ম্যানিকুইন, চমত্কার চোখ জুড়ানো পোশাক প্রদর্শনী এবং থরে থরে সাজানো রঙিন শীত পোশাক। পাশাপাশি বিখ্যাত ও জাতীয়ভাবে পরিচিত ব্র্যান্ডগুলোর প্রচারেও কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। খবর সিএনবিসি।
ওয়ালমার্ট চায় আরো বেশি গ্রাহকের কাছে পৌঁছতে। কেবল ক্রেতার ওয়্যারড্রোবই নয়, গৃহসজ্জা ও রেফ্রিজারেটরেও দখল নিতে চায় প্রতিষ্ঠানটি। অর্থাৎ একবার ওয়ালমার্টে প্রবেশের পর ক্রেতা যেন তার প্রয়োজনীয় সব এক ছাদের নিচে পেয়ে যান, সেটিই তাদের লক্ষ্য।
জানা গিয়েছে, ওয়ালমার্ট ব্যবসার জন্য নতুন মডেল ঠিক করেছে। সে অনুযায়ী দ্রুতই এ মডেল সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। আগামী বছরের জানুয়ারি নাগাদ নতুন মডেলের অন্তত ৩০টি স্টোর খুলতে চায় তারা। এছাড়া আগামী অর্থবছরে আরো ১০০টি স্টোর খোলার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
ওয়ালমার্টের চিফ মার্চেন্ডাইজিং অফিসার চার্লস রেডফিল্ড বলেন, স্থানভেদে স্টোরের অবস্থানে কিছু পার্থক্য আসতে পারে। আপাতত পাইলট প্রকল্পের ভিত্তিতে এসব স্টোর স্থাপন করা হবে। সেগুলোর পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
রাজস্ব আয়ের দিক থেকে ওয়ালমার্ট যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর। পোশাকের মতো পণ্যের বিক্রি বাড়িয়ে ব্যবসার পরিধি আরো বাড়াতে চায় তারা। পাঁচ বছর ধরেই এ খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের ব্র্যান্ডের প্রচার চালিয়ে আসছে, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে অভিযানও চালাচ্ছে। যেমন রিবক, গ্যাপ বা জাস্টিসের মতো ব্র্যান্ডের সঙ্গে তাদের ব্যবসা রয়েছে। এর মধ্যে কিছু বেশ দামি ব্র্যান্ডও রয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রত্যাশিত আয় করতে পারেনি ওয়ালমার্ট। মূলত এর পরই ব্যবসা বৃদ্ধির জন্য নানা পরিকল্পনা হাতে নেয়া হয়। যার একটি হলো নতুন মডেলের স্টোর স্থাপন।
ওয়েবসাইট ও স্টোরগুলোর জন্য ওয়ালমার্ট বিক্রয় পদ্ধতি ও দামে বেশ পরিবর্তন আনছে। খুব সাশ্রয়ী পণ্যের পাশাপাশি এখন ওয়ালমার্টে যুক্ত হয়েছে উচ্চমূল্যের স্নানপোশাকসহ বিভিন্ন বড় ব্র্যান্ডের পোশাক। রয়েছে সোফিয়া জিন্সের মতো ব্র্যান্ডের জিন্সও। গ্রাহকরা এসব পোশাক পরে বড় অনুষ্ঠানে অংশ নিতে পারবেন বা ছুটিতে ঘুরে বেড়ানোর সময় ব্যবহার করতে পারবেন।
গত মাসেই ওয়ালমার্ট সিদ্ধান্ত নিয়েছিল যে স্বল্প আয়ের ক্রেতাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখবে তারা। কেবল যে চাল, টুনার ক্যান, ম্যাকরনি বা চিজের মতো পণ্য সুলভ মূল্যে পাওয়া যাবে তা-ই নয়, সাধারণ পোশাক যেমন টি-শার্টও মিলবে সুলভে। আবার একই সঙ্গে যে ক্রেতাদের ব্যয় করার মতো প্রচুর অর্থ রয়েছে তাদের জন্যও পণ্য থাকবে ওয়ালমার্টে।










