বাংলাদেশে রফতানিমুখী ব্যবসার প্রবৃদ্ধি জোরদারে রফতানিকারকদের নিয়ে ‘ফ্যাসিলিটেটিং ট্রেড ফাইন্যান্স: চ্যালেঞ্জেস অ্যান্ড অপরচুনিটি’ শীর্ষক একটি কর্মশালা করেছে প্রাইম ব্যাংক পিএলসি।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ওই কর্মশালায় ব্যাংকের শীর্ষ রফতানিকারকদের প্রতিনিধিরা যোগ দেন। যেখানে অংশগ্রহণকারীদের ইন্টারন্যাশনাল ফ্যাক্টরিং, ব্যাংকের অন্যান্য নতুন আর্থিক সেবা এবং ব্যাংক খাতের হালনাগাদ রেগুলেশন বা বিধি সম্পর্কে আলোচনা করা হয়।

কর্মশালার নেতৃত্বে ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের অধ্যাপক ড. প্রশান্ত কুমার ব্যানার্জি। এ সময় তিনি রফতানির ক্ষেত্রে ফ্যাক্টরিং একটি গুরুত্বপূর্ণ বিকল্প অর্থায়ন হতে পারে বলে মত দেন। ড. ব্যানার্জি বর্তমানে প্রতিযোগিতামূলক রফতানি বাজারে উন্নতির জন্য ফ্যাক্টরিং অপরিহার্য উপাদান বলে উল্লেখ করে বলেন, ব্যবসায়িক ঝুঁকি হ্রাস ও বাজারে নগদ অর্থ সরবরাহ ত্বরান্বিত করার ক্ষেত্রে এ সেবার তাৎপর্য অনেক।

অনুষ্ঠানে নতুন নতুন এসব সেবার ব্যবহারিক বিভিন্ন দিক তুলে ধরে প্রাইম ব্যাংকের ট্রেড সার্ভিস ডিভিশন বিভাগের ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম রেগুলেটরি কমপ্লায়েন্সের বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। তার প্রেজেনটেশনের প্রধান লক্ষ্য ছিল কর্মশালায় অংশগ্রহণকারীদের আন্তর্জাতিক বাণিজ্য অর্থায়নের জটিল বিষয়গুলো আরো সহজভাবে বুঝিয়ে দেয়া।

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ট্রানজেকশন ব্যাংকিং বিভাগের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শামস আব্দুল্লাহ মুহায়মিন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শাহবুবা আশরাফ। এ সময় তারা গ্রাহকদের প্রবৃদ্ধি ও সফলতায় ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি