প্লাটিনামের দাম বেড়ে গত সপ্তাহে আউন্সপ্রতি ১ হাজার ২০০ ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার তা ১ হাজার ২৭০ ডলার ছুঁয়েছে, যা ছয় বছরের সর্বোচ্চ। খবর হিন্দু বিজনেস অনলাইন।

বিশেষজ্ঞরা বলছেন, এ দামি ধাতুর দাম আরো বাড়তে পারে। বিশ্বের বৃহত্তম শোধনাগার জনসন ম্যাথির এক মূল্যায়নে বলা হয়, গত বছর সরবরাহ ঘাটতিতে ছিল প্লাটিনাম। চলতি বছরের জন্য এখনো সুনির্দিষ্ট কোনো পূর্বাভাস না থাকলেও ঘাটতি থাকার সম্ভাবনা রয়েছে।

বাজার অংশীদাররা বলছেন, স্বর্ণের বিপরীতে প্লাটিনামের দাম অবমূল্যায়িত হয়েছে। বাজারে চলমান ঘাটতি বিবেচনায় এর দাম আরো বাড়ানোর সুযোগ রয়েছে।

প্লাটিনামের সমজাতীয় ধাতু প্যালাডিয়ামেরও জোগানস্বল্পতা রয়েছে। গত বছর এর ঘাটতির পেছনে মহামারীর ক্ষতিকর প্রভাবে বৈশ্বিক গাড়ি শিল্পে পতন ভূমিকা রেখেছে। ওই ধাতুর চাহিদার প্রায় ৮৫ শতাংশ আসত গাড়ি শিল্প থেকে।

কয়েক বছর ধরেই প্যালাডিয়ামের ঘাটতি বিরাজ করেছে। চলতি বছরও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না। বর্তমানে এ মূল্যবান ধাতু আউন্সপ্রতি ২ হাজার ৩৫০ ডলারে বিক্রি হচ্ছে।