চলতি সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল পুঁজিবাজারে মিশ্র প্রবণতা পরিলক্ষিত হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স দশমিক ২৫ শতাংশ বেড়েছে। পাশাপাশি এক্সচেঞ্জটির দৈনিক লেনদেন ১২ শতাংশ বেড়ে সাড়ে ১১শ কোটি টাকা ছাড়িয়েছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গতকাল সূচক ও দৈনিক লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর প্রথম ২১ মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর কিছুটা ছন্দপতন ঘটে। ৩৭ মিনিট পর সূচকটি আবারো ঘুরে দাঁড়ায় এবং বেলা ১১টা ৩ মিনিটে দিনের সর্বোচ্চ অবস্থানে পৌঁছে। যদিও শেয়ার বিক্রির চাপে সে অবস্থান ধরে রাখতে পারেনি। শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে ডিএসইএক্স। এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ২২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২১৩ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬৬ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৬১ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আরএকে সিরামিকস বাংলাদেশ ও হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের শেয়ার।

বাজার বিশ্লেষকরা বলছেন, ডলার কেনাবেচার ক্ষেত্রে স্প্রেড (ব্যবধান) নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার কারণে বাজারে বিনিয়োগকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে পরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাবটিও বিনিয়োগকারীদের মনস্তত্ত্বকে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে। এদিকে দেশের সামষ্টিক অর্থনীতি নিয়ে এখনো বেশকিছু বিনিয়োগকারীর মধ্যে শঙ্কা কাজ করছে। তাদের মধ্যে পুঁজিবাজারের ঊর্ধ্বমুখিতার সুযোগে শেয়ার বিক্রি করে দেয়ার প্রবণতা দেখা গিয়েছে।

ডিএসইতে গতকাল ১ হাজার ১৫৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৩৪ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩২টির আর অপরিবর্তিত ছিল ৯২টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১৭ দশমিক ৮ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১২ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে বিবিধ খাত। ৯ দশমিক ৫ শতাংশ লেনদেনের ভিত্তিতে তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। মোট লেনদেনের ৮ দশমিক ৬ শতাংশের ভিত্তিতে চতুর্থ অবস্থানে ছিল খাদ্য ও আনুষঙ্গিক খাত। আর ওষুধ ও রসায়ন খাতের দখলে ছিল লেনদেনের ৮ দশমিক ১ শতাংশ। গতকাল পুঁজিবাজারে সিমেন্ট খাতে সবচেয়ে বেশি ৪ দশমিক ১ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে। অন্যদিকে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন ছিল কাগজ ও মুদ্রণ খাতে ১ দশমিক ৬ শতাংশ।

সিএসইর নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৪ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১০ হাজার ৯৭২ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৫৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৩৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটির অবস্থান ছিল ১৮ হাজার ৩১৪ পয়েন্টে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৮৬টির আর অপরিবর্তিত ছিল ৮২টির বাজারদর। গতকাল সিএসইতে ২৪ কোটি ৭০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৮ কোটি টাকা।