বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ও বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির (বিইউএফটি) মধ্যে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে জাতীয় পর্যায়ে গবেষণা, উদ্ভাবন ও দক্ষতা উন্নয়ন আরো এগিয়ে যাবে বলে প্রতিষ্ঠান দুটি জানিয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব গড়ে ওঠে। এর লক্ষ্য হলো গবেষণার মান বাড়ানো, টেকসই উদ্ভাবনকে এগিয়ে নেয়া এবং বিজ্ঞান, প্রযুক্তি ও টেক্সটাইল খাতে দক্ষ মানবসম্পদ তৈরি করা।

চুক্তির আওতায় টেকসই টেক্সটাইল, বায়োম্যাটেরিয়াল, স্মার্ট ও কম্পোজিট ম্যাটেরিয়াল, প্রাকৃতিক রঙ, পুনর্ব্যবহার এবং পরিবেশবান্ধব প্রসেসিং প্রযুক্তি নিয়ে যৌথ গবেষণা হবে। একই সঙ্গে উভয় প্রতিষ্ঠান বিজ্ঞানবিষয়ক সম্মেলন, সেমিনার ও সক্ষমতা উন্নয়নমূলক কর্মশালা আয়োজন করবে। শিক্ষক, গবেষক, বিজ্ঞানী ও শিক্ষার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিও থাকবে।

এ অংশীদারত্বের অংশ হিসেবে দুই প্রতিষ্ঠান বৈজ্ঞানিক উপকরণ, জার্নাল ও ল্যাবরেটরি সুবিধা পরস্পরের মধ্যে ভাগাভাগি করবে। পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তর গবেষণা কার্যক্রম যৌথভাবে তত্ত্বাবধান করা হবে। এতে নতুন পণ্য উদ্ভাবন, ফাংশনাল টেক্সটাইল ও শিল্প উৎপাদন প্রক্রিয়া উন্নয়নের সুযোগ তৈরি হবে। জাতীয় টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন ও এসডিজি বাস্তবায়নেও এটি সহায়ক হবে।

সমঝোতা স্মারকে সই করেন বিসিএসআইআর-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ ও বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। তিন বছরের এ চুক্তি পারস্পরিক সম্মতিতে নবায়ন করা যাবে।

উভয় প্রতিষ্ঠানের নেতারা জানিয়েছেন, নতুন সহযোগিতা গবেষণার সুযোগ বাড়াবে, মেধাস্বত্ব উন্নয়নে ভূমিকা রাখবে এবং দীর্ঘমেয়াদে একাডেমিক ও বৈজ্ঞানিক সম্পর্ক আরো শক্তিশালী করবে।

—বিজ্ঞপ্তি