ইউরোপীয় ইউনিয়নে নজিরবিহীন মূল্যস্ফীতি দেখা দিয়েছে। ক্রমবর্ধমান জ্বালানি তেলের দাম ও শীতের আগমন প্রভাব ফেলেছে দ্রব্যমূল্যের ওপর। প্রকট হয়ে উঠেছে খাদ্যের অনিরাপত্তা। বেলজিয়াম, জাপান, জার্মানি ও ফ্রান্সের সুপারমার্কেটগুলোয় দৃশ্যমান নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট। এমনটাই উঠে এসেছে বেলজিয়ান অলাভজনক ভোক্তা সংগঠন টেস্ট-আচাটসের গবেষণায়। খবর আরটি।

বেলজিয়ামে পণ্যের দামে ঊর্ধ্বগতি চলমান। গত বছর মার্চের তুলনায় এ বছর মার্চে মূল্য বেড়েছে ২০ দশমিক ৬ শতাংশ। টেস্ট আচাটস ‌তিন হাজারের বেশি পণ্য নিয়ে গবেষণা চালিয়েছে। বিষয়বস্তু ছিল আলবার্ট হেইন, কারোফোর, কোলরাইট, কোরা, ডেলহেইজ, আলডি ও লিডল সুপারমার্কেটে বিক্রি হয়, তেমন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। দেখা গেছে, প্রতি দুই জনের পরিবার মাসে গড়ে ৫২১ ইউরো বা ৫৭০ ডলার খরচ করে সুপারমার্কেটের পেছনে। এক বছর আগের তুলনায় ৮৯ ইউরো বেশি বেড়েছে গড় ব্যয়। এমনকি গত ফেব্রুয়ারির তুলনায় বেড়েছে ৯ ইউরো।

গত মাসে সবজির দাম ছিল সর্বোচ্চ। বিপরীতে উৎপাদন ছিল আশঙ্কাজনকভাবে কম। একদিকে শীত ও অন্যদিকে জ্বালানির দাম ব্যয়বহুল করে তুলেছে সবজি সংরক্ষণ করার পদ্ধতি। ফলে সরবরাহ কমে গেছে ও বেড়েছে পণ্যের দাম। প্রতিবেদনে দেখা যাচ্ছে, সবজির দাম বছরওয়ারি মার্চ মাসে ৩১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আইসবার্গ সালাদের দাম বেড়েছে ৫৩ শতাংশ। শসার দাম ৫১ শতাংশ ও পেঁয়াজের দাম ৫০ শতাংশ বেড়েছে। এদিকে রুটির দাম বেড়েছে ২২ শতাংশ এবং মাছ ও ফলমূলের দাম বেড়েছে ১৪ শতাংশ। 

টেস্ট আচাটসের মুখপাত্র জুলি ফ্রেরে জানান, মূল্য তালিকা দেখে কেবল খাদ্যের অনিরাপত্তার কথাই মাথায় আসে। বিশেষ করে এপ্রিলে মূল্য কমবে কিনা, বলা যাচ্ছে"না। জুলি গৃহস্থ পরিবারের সহযোগিতার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তুলে ধরেন মূল্যস্ফীতির বিপরীতে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা।