সম্প্রতি কমেছে ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) চাহিদা। ফলে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো মুনাফা কমেছে শীর্ষ পিসি নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো গ্রুপ লিমিটেডের। আর এ কারণে বাঘা বাঘা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মতো কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে তারাও। সূত্র ইয়াহু নিউজ।

২০২২ সালের শেষ প্রান্তিকে লেনোভোর মোট আয় ১ হাজার ৫৩০ কোটি ডলারের। যদিও বিশ্লেষকরা আশা করেছিলেন, ২০২২ সালের শেষ প্রান্তিকে অন্তত ১ হাজার ৬৪০ কোটি ডলারের পণ্য বেচতে পারবে লেনোভো। প্রতিষ্ঠানটির বিবৃতি বলছে, ২০২০ সালের পর এই প্রথম মুনাফা কমল তাদের।

অর্থনৈতিক এবং ভূ-রাজনৈতিক বাস্তবতায় মহামারীর পর বিশ্বজুড়েই কমে গিয়েছে পিসি বিক্রি। আর এ কারণে বিশ্বের বৃহত্তম নির্মাতা প্রতিষ্ঠানটি এখন চাহিদা ঘাটতিতে ভুগছে। লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াং ইউয়ানকিং বলেছেন, ‘‌স্মার্ট ডিভাইসের বাজারে সবচেয়ে খারাপ সময়ে চলছে। আমাদের হয়তো ব্যয় কমাতে কর্মী ছাঁটাই করতে হতে পারে।’

অবশ্য কতজন কর্মীকে ছাঁটাই করা হতে পারে, স্পষ্ট করে তা বলেননি ইয়াং। তবে এ সংখ্যা খুব বেশি হবে না, এমন ইঙ্গিতই দিয়েছেন। 

শিগগিরই পিসির বাজার স্থিতিশীল হবে, এমন আশা ছাড়ছে না প্রতিষ্ঠানটি। লেনোভোর প্রধান নির্বাহী কর্মকর্তার মতে, বাজারের অবস্থা যত খারাপই হোক, আশা হারানোর মতো নয়। মহামারীর সময় বাজারে যেসব পিসি ঢুকেছে, এখনো সেগুলোই চলছে। ফলে চাহিদা কমেছে মনে করার কারণ নেই। এরই মধ্যে হংকংয়ে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) লেনোভোর শেয়ারমূল্য কমেছে ৪ দশমিক ৯ শতাংশ। এক মাসের মধ্যেই এটাই তাদের সবচেয়ে বড় দরপতন।

কিন্তু তারপরও লেনেভো হয়তো অত বেশি লোকসানের শিকার হবে না। কারণ চীন সম্প্রতি বিদেশী ব্র্যান্ডের পিসি ব্যবহার কমিয়ে দেশী পিসি ব্যবহার করার ওপর গুরুত্ব দিচ্ছে। এ ক্ষেত্রে এগিয়ে থাকবে লেনোভো। এ প্রকল্পে জায়গা করতে পারলে সব ক্ষতি পুষিয়ে নিতে পারবে লেনোভো।