বিদায়ী বছর কোবাল্টের বৈশ্বিক উত্তোলন রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। উত্তোলনের পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার টনে। সম্প্রতি মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) কর্তৃক প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জলবায়ু পরিবর্তন ঠেকাতে ডিজেলচালিত যানবাহনের পরিবর্তে বৈদ্যুতিক গাড়ি তৈরি বাড়ছে। আর এসব গাড়ির ব্যাটারি তৈরির অন্যতম একটি উপাদান কোবাল্ট। বিশ্ববাজারে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে কোবাল্টের চাহিদা। এ কারণেই উত্তোলন বেড়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে কোবাল্টের বৈশ্বিক উত্তোলনের পরিমাণ ছিল ১ লাখ ৪২ হাজার টন। সে হিসাবে গত বছর উত্তোলন বেড়েছে ২০ শতাংশ।
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো কোবাল্ট উত্তোলনে শীর্ষস্থান ধরে রেখেছে। বৈশ্বিক উত্তোলনের ৭০ শতাংশই সরবরাহ করেছে দেশটি। উত্তোলনের দিক থেকে কঙ্গোর পরই রাশিয়ার অবস্থান। গত বছর দেশটি উত্তোলন করেছে ৭ হাজার ৬০০ টন। তৃতীয় শীর্ষ দেশ অস্ট্রেলিয়ার উত্তোলন দাঁড়িয়েছে ৫ হাজার ৬০০ টনে।
প্রতিবেদনে বলা হয়, বিদ্যমান খনিগুলোয় উত্তোলন বাড়ার পাশাপাশি করোনায় বন্ধ হয়ে যাওয়া খনি ও প্রকল্পগুলোয় নতুন করে উত্তোলন শুরু হয়েছে। এ কারণেই বছর শেষে মোট উত্তোলন আগের বছরকে ছাড়িয়ে গেছে।
চীন বিশ্বের শীর্ষ পরিশোধিত কোবাল্ট উৎপাদক। ব্যবহারের দিক থেকেও দেশটি নেতৃস্থানীয়। চীন ৮০ শতাংশ কোবাল্টই রিচার্জেবল ব্যাটারি উৎপাদনে ব্যবহার করে।
ইউরেশিয়ান রিসোর্স গ্রুপ জানায়, ২০২১ সালে বিশ্বব্যাপী কোবাল্টের দাম ১১৯ শতাংশ বেড়েছে। চলতি বছর ও আগামী বছরগুলোয় ধাতুটির দাম আরো বাড়ার সম্ভাবনা আছে।










