চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) থাইল্যান্ডের অর্থনীতি ২ দশমিক ২ শতাংশ প্রসারিত হয়েছে। কভিডজনিত বিধিনিষেধ শিথিলের পর ঘুরে দাঁড়াচ্ছে দেশটির রফতানি ও পর্যটন খাত। থাইল্যান্ডের প্রধান অর্থনৈতিক প্রতিষ্ঠান এ তথ্য জানিয়েছে। খবর নিক্কেই এশিয়া।

কভিড-১৯ মহামারীতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ১৯৯৭ সালের এশীয় আর্থিক সংকটের পর সবচেয়ে খারাপ সময় পার করছে। দেশটিতে পর্যটকের সংখ্যা বার্ষিক প্রায় ৪ কোটি থেকে কয়েক লাখে নেমে এসেছে। এতে প্রধান রাজস্বের উৎস স্থবির হয়ে বিপর্যয়ের মুখোমুখি হয় দেশটির অর্থনীতি।

সর্বশেষ এপ্রিলে সরকার টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের জন্য কভিড-১৯ পরীক্ষার প্রয়োজনীয়তা বাদ দেয়। পাশাপাশি পরীক্ষার ফল পাওয়ার আগ পর্যন্ত বিদেশী পর্যটকদের হোটেল রুমে অপেক্ষা করার বিষয়টিও শিথিল করে। অফিস অব দ্য ন্যাশনাল ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট কাউন্সিলের মহাপরিচালক দানুচা পিচায়ানন বলেন, বর্তমানে রফতানি খাত ভালো করছে। পাশাপাশি বিধিনিষেধ শিথিল করায় পর্যটকের আগমনও বেড়ে গেছে।