জাপানি টায়ার প্রস্তুতকারক ব্রিজস্টোন আগামী তিন বছরে প্রায় ৮০ হাজার কোটি ইয়েন বা ৫৩৮ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা হাতে নিয়েছে, যা ডিকার্বনাইজেশন প্রযুক্তির পাশাপাশি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) জন্য বিশেষায়িত টায়ারের বিকাশের কাজ ত্বরান্বিত করবে বলে আশা করছে কোম্পানিটি। খবর নিক্কেই এশিয়া।
২০২৬ সালের মধ্যে বিদ্যুচ্চালিত গাড়িসহ প্রতিষ্ঠানটির ভারী টায়ারের লাইনআপে প্রায় ৫০টি নতুন পণ্য সংযোজনের লক্ষ্য নির্ধারণ করেছে। এরই মধ্যে টয়োটা কোম্পানির তৈরি ইভিতে ব্রিজস্টোনের টায়ার ব্যবহার শুরু হয়েছে।
ব্রিজস্টোনের গত তিন বছরের ৫৭ হাজার কোটি ইয়েনের বিনিয়োগের তুলনায় নতুন বিনিয়োগ পরিকল্পনাটি আকারে বড়। মূলত ক্রমবর্ধমান ইভি বাজারের চাহিদা মেটাতে ব্রিজস্টোন উন্নতমানের টায়ারের বিকাশ ও উৎপাদনের দিকে মনোযোগ দিয়েছে।
এদিকে বিদ্যুচ্চালিত গাড়ির দ্রুতগতি ও ভারী ব্যাটারির কারণে সাধারণ গাড়ির তুলনায় এ ধরনের গাড়িতে টায়ারের ওপর বেশি চাপ পড়ে। ফলে ইভি গাড়ির জন্য আরো টেকসই ও শক্তিশালী টায়ার তৈরিতে কাজ করছে ব্রিজস্টোন। পাশাপাশি খনি উত্তোলনের কাজে ব্যবহৃত সরঞ্জামাদির ব্যবসায়কেও সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
টায়ারের ব্যবসায় চীনা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে মূল্যযুদ্ধে জড়িত হওয়ার পরিবর্তে ব্রিজস্টোন যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ায় তাদের উৎপাদন কেন্দ্রগুলোয় উচ্চ মানসম্পন্ন টায়ার তৈরির দিকে মনোনিবেশ করছে।
ব্রিজস্টোনের সিইও শুইচি ইশিবাশি টায়ারের নতুন প্রযুক্তি বিকাশে কোম্পানির আরো বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য তুলে ধরেন। একই সঙ্গে নতুন ডিজিটাল স্টার্টআপগুলোর সঙ্গে অংশীদারত্ব ও প্রতিযোগিতা বাড়ানোর জন্য সম্ভাব্য অধিগ্রহণের বিষয়টিও বিবেচনা করছে বলে জানিয়েছেন।
বিশ্বব্যাপী টায়ার বিক্রির বাজারে মিশেলিনের পরই দ্বিতীয় অবস্থানে ব্রিজস্টোন। তাদের বাজার হিস্যা ১৪ দশমিক ২ শতাংশ। ২০২৩ সালে নিট মুনাফায় ১২ শতাংশ বৃদ্ধির প্রত্যাশা করছে। কোম্পানিটির আয় ১ শতাংশ বেড়ে ৪ দশমিক ১৫ ট্রিলিয়ন ইয়েনে পৌঁছেছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে ব্রিজস্টোন আগামীতে নিজেদের টায়ারের গড় দাম বাড়ানোর চিন্তা করবে বলে জানিয়েছে তারা।










