ভিয়েতনামের সেন্ট্রাল হাইল্যান্ডসে বৃষ্টিপাতের কারণে ব্যাহত হচ্ছে রোবাস্তা কফি সংগ্রহ ও শুকানোর কাজ। বিশ্বের শীর্ষ রোবাস্তা উৎপাদনকারী এ অঞ্চলের পরিস্থিতি স্থিতিশীল না হওয়ায় বাজারে পণ্যটির দাম বাড়ছে বলে জানিয়েছে বাণিজ্যসংশ্লিষ্ট সূত্র। খবর বিজেনস রেকর্ডার।
ভিয়েতনামের স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, সেন্ট্রাল হাইল্যান্ডসের কৃষকরা প্রতি কেজি কফি ১ লাখ ২ হাজার ৮০০ থেকে ১ লাখ ৩ হাজার ৮০০ ডং (৩ ডলার ৯০ সেন্ট থেকে ৩ ডলার ৯৪ সেন্ট) দরে বিক্রি করেছেন। এটি এক সপ্তাহ আগের ১ লাখ ১০ হাজার ৫০০ থেকে ১ লাখ ১১ হাজার ৫০০ ডং দামের তুলনায় কম।
এক ব্যবসায়ী বলেন, ‘কৃষকরা এখন পর্যন্ত ৫০-৬০ শতাংশ ফসল জমি থেকে সংগ্রহ করেছেন। কিন্তু টানা বৃষ্টির কারণে কফি বিন শুকানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে।
অন্য এক ব্যবসায়ীর মতে, দীর্ঘস্থায়ী বৃষ্টির কারণে কফির মান খারাপ হতে পারে। বিশেষ করে ডার্ক বিনের পরিমাণ বাড়তে পারে।
ইন্দোনেশিয়ার এক ব্যবসায়ী এ বিষয়ে বলেন, ‘ডিসেম্বরে সরবরাহের জন্য এ সময় সুমাত্রায় রোবাস্তা কফির প্রিমিয়াম ছিল টনে ৯০ ডলার।










