বিদায়ী বছরে চীনে তুলার আবাদ বাড়তির দিকে ছিল। বেড়েছে পণ্যটির হেক্টরপ্রতি উৎপাদনও। এর জের ধরে ২০২০ সালে চীনে তুলার সামগ্রিক উৎপাদন চাঙ্গা হয়ে উঠেছে। তবে আবাদ ও ফলন যে হারে বেড়েছে, দেশটিতে তুলার সামগ্রিক উৎপাদন বৃদ্ধির হার তুলনামূলক কম ছিল। খবর সিনহুয়া ও এগ্রিমানি।

চীন বিশ্বের দ্বিতীয় শীর্ষ তুলা উৎপাদনকারী দেশ। দেশটির ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (এনবিএস) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালে চীনে সব মিলিয়ে ৩১ লাখ ৭০ হাজার হেক্টর জমিতে তুলা আবাদ হয়েছে। এক বছরের ব্যবধানে দেশটিতে তুলার আবাদ বেড়েছে ৫ দশমিক ৭ শতাংশ।

আবাদ বৃদ্ধির পাশাপাশি বিদায়ী বছরে চীনে তুলার হেক্টরপ্রতি উৎপাদন আগের বছরের তুলনায় ৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৮৬৪ দশমিক ৫ কেজিতে উন্নীত হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে এবিএস।

এর প্রভাব পড়েছে চীনের সামগ্রিক তুলা উৎপাদনে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সব মিলিয়ে ৫৯ লাখ ১০ হাজার টন তুলা উৎপাদন হয়েছে। এক বছরের ব্যবধানে চীনে পণ্যটির উৎপাদন বেড়েছে দশমিক ৪ শতাংশ।

এদিকে মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের তথ্য বলছে, ২০২০ সালে চীনে সব মিলিয়ে ২ কোটি ৭৫ লাখ বেল (প্রতি বেলে ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় দশমিক ৯২ শতাংশ বেশি। ২০০৭ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ৩ কোটি ৭০ লাখ বেল তুলা উৎপাদন হয়েছিল।