চলতি বছরের এপ্রিলে ভারতের শিল্পোৎপাদন ৭ দশমিক ১ শতাংশ বেড়েছে। এ হার গত আট মাসের সর্বোচ্চ। বিদ্যুৎ ও খনি খাতের উন্নত কার্যক্রমের কারণে দেশটিতে শিল্পোৎপাদন ঊর্ধ্বমুখী ছিল। খবর পিটিআই।
ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিসের (এনএসও) শিল্প উৎপাদন সূচকের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম মাসে শিল্প উৎপাদন খাতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৩ শতাংশ। এর আগে গত বছরের আগস্টে শিল্প উৎপাদন সূচক সর্বোচ্চ ছিল। ওই মাসে সূচক ছিল ১৩ শতাংশ।
এনএসওর তথ্য বলছে, বিদ্যুৎ ও খনি খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ১১ দশমিক ৮ শতাংশ ও ৭ দশমিক ৮ শতাংশ। ব্যবহারের দিক থেকে মূলধন পণ্যের প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। ভোগ্যপণ্য খাতের প্রবৃদ্ধি ছিল ৮ দশমিক ৫ শতাংশ। এছাড়া প্রাথমিক পণ্য খাতের প্রবৃদ্ধি ১০ দশমিক ১ শতাংশ, মাঝারি পণ্যের ৭ দশমিক ৬, অবকাঠামো বা নির্মাণ পণ্য খাতের প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশ ছিল।
এ বিষয়ে আইসিআরএর প্রধান অর্থনীতিবিদ অদিতি নায়ার বলেন, মহামারীর দ্বিতীয় প্রবাহের তীব্রতা কম থাকার ফলে এপ্রিলে শিল্পোৎপাদন সূচক আট মাসের সর্বোচ্চ ছিল। যদিও এ হার আমাদের প্রত্যাশিত প্রবৃদ্ধি ৯ দশমিক ২ শতাংশ থেকে কম ছিল। মূলত খনি খাতের কার্যক্রম দুর্বল হওয়ার কারণে প্রবৃদ্ধি আশানুরূপ হয়নি।
এদিকে মিলউড কেন ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিশ ভাট জানান, শিল্পোৎপাদন আগের মাসের তুলনায় যেমন বেড়েছে, তেমনি বেড়েছে আগের বছরের তুলনায়ও।










