তুরস্ক গত বছর রেকর্ড ৩৬ লাখ ৬০ হাজার টন ময়দা রফতানি করেছিল। এ বছর তার চেয়েও বেশি রফতানি করতে চায় দেশটি। রফতানির লক্ষ্য ধরা হয়েছে ৪০ লাখ টন। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব অপারেটিভ মিলারসের (আইএওএম) প্রধান ইরেন গুনহান সম্প্রতি এমনটা জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সি।
আইএওএমের দেয়া তথ্যানুযায়ী, গত নয় বছর ময়দা রফতানিতে বিশ্বের শীর্ষ দেশ তুরস্ক। সেখান থেকে ১৬৪টি দেশে ময়দা রফতানি হয়। গত ফেব্রুয়ারিতে দেশটির রফতানি ৬০ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে বেড়েছিল ২২ শতাংশ।
তুরস্ক গত বছর ময়দা রফতানি থেকে ১৫০ কোটি ডলারের ময়দা রফতানি করে। ইরেন গুনহান জানান, রফতানির জন্য ২০২৩ সাল ছিল সবচেয়ে ভালো বছর। এ বছরের জানুয়ারিতে ৩ লাখ ২২ হাজার রফতানি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ২২ শতাংশ বেশি। ফেব্রুয়ারিতে রফতানি বেড়েছে ৬০ শতাংশ। চলতি বছর ৪০ লাখ টন রফতানির লক্ষ্যমাত্রা নেয়া হয়েছে। বিশ্বের মোট জনসংখ্যার ৯০ শতাংশই তুরস্কের ময়দা ব্যবহার করে বলেও উল্লেখ করেন তিনি। গত দুই দশকে তুরস্কের ময়দা রফতানি ১১ গুণ বেড়েছে।










