নিম্ন শুল্ক হারে ভোজ্যতেল আমদানির সময় বাড়ানোর কথা ভাবছে ভারত সরকার। সম্প্রতি এক বিবৃতিতে দেশটির সরকার এ কথা জানিয়েছে। স্থানীয় পর্যায়ে পণ্যটির দাম নিয়ন্ত্রণে এ উদ্যোগ নেয়া হচ্ছে বলে সূত্রে জানা গেছে। খবর রয়টার্স।

অন্যদিকে চলতি বছরের মার্চে অপরিশোধিত পাম, সূর্যমুখী ও সয়াতেল আমদানিতে নিম্ন শুল্কহারের সুবিধা শেষ হবে বলে সূত্রে জানা গেছে। সানভিন গ্রুপের প্রধান নির্বাহী সন্দীপ বাজোরিয়া বলেন, ‘জাতীয় পর্যায়ে নির্বাচনের আগে ভারত সরকার ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখতে আগ্রহী। তাই এমন সিদ্ধান্ত প্রত্যাশিত।’

২০২৩ সালের ডিসেম্বরে ভারতের বার্ষিক খুচরা মূল্যস্ফীতি চার মাসের মধ্যে দ্রুতগতিতে বেড়েছে। কিছু খাদ্যদ্রব্যের দাম বাড়ায় এ প্রভাব পড়েছে বলে বাজারসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। দাম নিয়ন্ত্রণে আনার জন্য, ২০২২ সালে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। এছাড়া গত বছর নন-বাসমতি সাদা চালের বিদেশী চালানও বন্ধ করা হয়েছে। চলতি বছর কারখানা থেকে চিনি রফতানিতেও নিষেধাজ্ঞা আরোপ করেছে নয়াদিল্লি। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, ‘ভারত আপাতত গম, চাল ও চিনি রফতানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে। বর্তমান শুল্ক কাঠামোয় কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তাই স্থানীয় দাম বা আমদানির ধরনেও কোনো প্রভাব পড়বে না।’ ভারতের সলভেন্ট এক্সট্র্যাক্টরস অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক বিভি মেহতা বলেন, ‘‌সরকারের লক্ষ্য মূল্য স্থিতিশীল রাখা। কিন্তু দীর্ঘমেয়াদি নীতি স্থানীয় তৈলবীজ চাষীদের ওপর বিরূপ প্রভাব ফেলছে।’