দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্ট প্রতি বর্গফুট ১৪ হাজার দিরহামে বিক্রি হয়েছে। লাক্সহ্যাবিট্যাট সোথবিস ইন্টারন্যাশনাল রিয়েলিটি এ তথ্য জানিয়েছে। খবর অ্যারাবিয়ান বিজনেস। প্রপার্টি ফার্মটি আনুষ্ঠানিকভাবে মাত্র এক মাস আগে দুবাইয়ে এক্সক্লুসিভ ব্যাকার‍্যাট রেসিডেন্স ভবন উদ্বোধন করেছে। এরই মধ্যে সাইজ অনুপাতে রেকর্ড মূল্যে আবাসন বিক্রি করেছে ফার্মটি। ব্যাকার‍্যাট ফরাসি ক্রিস্টাল কোম্পানি। ২৫০ বছরের পুরনো কোম্পানি এটি।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এখন পর্যন্ত পাঁচ বেডরুমের একটি ফ্ল্যাট বিক্রি করেছে ২০ কোটি ৩১ লাখ দিরহামে (৫ কোটি ৫৩ লাখ ডলার)। বিলাসবহুল এ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটি আইকনিক বুর্জ খলিফার বিপরীতেই দাঁড়িয়ে আছে। এর ২৪তলা জুড়ে দুই-পাঁচটি বেডরুমসহ ৪৯টি অ্যাপার্টমেন্ট রয়েছে। লাক্সহ্যাবিট্যাট সোথবিস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও সিইও জর্জ আজার বলেন, ‘‌আমরা ব্র্যান্ডেড আবাসন বাণিজ্যে একটি বড় উন্নতি দেখেছি। তবে প্রাইম এলাকায় প্রিমিয়াম ব্র্যান্ডের মূল্য বাজার মূল্যের ওপর ভিত্তি করে হয় না। আমরা বিশ্বে ব্র্যান্ডেড আবাসন বিক্রির ওপর ভিত্তি করে মূল্য সমন্বয় করেছি। গ্লোবাল ডাটাবেসে কীভাবে সঠিক ক্রেতাদের খুঁজে বের করা যায় সে বিষয়ে আমাদের দারুণ অভিজ্ঞতা রয়েছে।’