আন্তর্জাতিক বাজারে দ্বিতীয় সপ্তাহের মতো বেড়েছে স্বর্ণের দাম। মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক ঝুঁকির কারণে বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে খ্যাত মূল্যবান ধাতুটির কদর বেড়েছে। এ কারণেই বাজার ঊর্ধ্বমুখী। অন্যদিকে শক্তিশালী চাহিদার বিপরীতে সরবরাহ সংকটের আশঙ্কায় বেড়েছে প্যালাডিয়ামের দামও। খবর রয়টার্স।

যদি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্রে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এমন আশঙ্কায় পুঁজিবাজারে বিনিয়োগকারীরা স্বর্ণে বিনিয়োগ বাড়িয়েছেন। এ কারণে চলতি সপ্তাহে স্বর্ণের দাম ১ শতাংশ বেড়েছে। যদিও স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম দশমিক ১ শতাংশ কমে আউন্সপ্রতি ১ হাজার ৮৩৬ ডলার ৬০ সেন্টে লেনদেন হয়েছে। ফিউচার মার্কেটে প্রতি আউন্সের দাম দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৮৩৯ ডলার ২০ সেন্টে লেনদেন হয়েছে।