সোনারগাঁও ইউনিভার্সিটির (এসইউ) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের অধ্যাপক ও ভারপ্রাপ্ত উপাচার্য শামীম আরা হাসান। আগামী চার বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. মো. ফরহাদ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী প্রফেসর শামীম আরা হাসানকে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।
ভাইস চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন। অধ্যাপক শামীম আরা হাসান সোনারগাঁও ইউনিভার্সিটির শুরু থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিভিন্ন সময় প্রতিষ্ঠানটির উপ-উপাচার্য ও ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পালন করেছেন। সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগে কর্মরত ছিলেন। —বিজ্ঞপ্তি









