বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘‌২০৪১ সালের মধ্যে রফতানিতে ৩০০ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা অর্জন করতে চায় বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে দেশের রফতানি খাতকে বহুমুখীকরণ করতে সরকার বিশেষ উদ্যোগ নিয়ে তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।’ গতকাল রাজধানীর একটি হোটেলে চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো উপলক্ষে লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলএফএমইএবি) আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘‌দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রভাবিত করার অন্যতম হাতিয়ার রফতানি বহুমুখীকরণ। বাংলাদেশ বর্তমানে এশিয়ার অন্যতম রফতানিমুখী দেশ হিসেবে বিশ্ববাজারে আবির্ভূত হয়েছে। রফতানিমুখী প্রবৃদ্ধি সুসংহতকরণ ও রফতানি বহুমুখীকরণের লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় বিদেশী ক্রেতা ব্র্যান্ডস ও বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে উদ্ভাবনী নীতি প্রণয়ন ও ব্যবসাবান্ধব নীতি সহায়তা দিয়ে যাচ্ছে। দেশের দ্বিতীয় বৃহত্তম রফতানি আয়কারী চামড়া, চামড়াজাত পণ্য ৩০০ বিলিয়ন ডলার রফতানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে অগ্রণী ভূমিকা রাখবে।’

টিপু মুনশি আরো বলেন, ‘‌রফতানি আয়কে নতুন উচ্চতায় নিয়ে যেতে চামড়াজাত পণ্য গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বিশ্ববাজারে চামড়াজাত পণ্য সরবরাহের জন্য বাংলাদেশ একটি নির্ভরযোগ্য গন্তব্য হিসেবে দ্রুত স্থান করে নিচ্ছে। বিশ্ববাজারে প্রবেশ করতে হবে। আমাদের পণ্যের কোয়ালিটি অনেক এগিয়ে গেছে, যা আন্তর্জাতিক মান ধরে রেখেছে। এসব পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে ব্র্যান্ডিংয়ের বিকল্প নেই।’ 

অনুষ্ঠানে এলএফএমইএবির সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুর রহিম খান ও এলএফএমইএবির উপদেষ্টা মোহাম্মদ সায়ফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।