বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ও শীর্ষস্থানীয় বৈশ্বিক ফ্যাশন রিটেইলার এইচঅ্যান্ডএম গ্রুপের গ্লোবাল হেড অব সোর্সিং কারিন লিন্ড ও হেড অব কন্ট্রোলিং গ্লোবাল প্রোডাকশন ফ্রেডরিক ক্রাগ মাইলেনবার্গের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল হংকংয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে আরো উপস্থিত ছিলেন জায়ান্ট গ্রুপের পরিচালক আজফার হাসান। উভয় পক্ষই পোশাক খাতে অভিন্ন টেকসই লক্ষ্য অর্জনের জন্য, বিশেষ করে বাংলাদেশে একটি সার্কুলার এবং জলবায়ু-নিরপেক্ষ পোশাক শিল্পের দিকে রূপান্তরকে ত্বরান্বিত করতে এইচঅ্যান্ডএম গ্রুপ এবং বিজিএমইএর মধ্যে চলমান সহযোগিতা নিয়ে আলোচনা করে। ফারুক হাসান সম্প্রতি ঘোষিত ন্যূনতম মজুরি বাস্তবায়নে বাংলাদেশী সরবরাহকারীদের জন্য ক্রয়াদেশে মূল্য সমন্বয় করে সমর্থন প্রদানের জন্য এইচঅ্যান্ডএম গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। —বিজ্ঞপ্তি