রাজধানীর কুর্মিটোলা গলফ কোর্সে তিনদিনব্যাপী '৪র্থ গলফ হাউজ করপোরেট কাপ গলফ টুর্নামেন্ট ২০২৫' শুরু হয়েছে। গত ২৬ নভেম্বর এ প্রতিযোগিতা শুরু হলেও আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। প্রতিযোগিতা শেষে আজ রাতে অনুষ্ঠিত হবে সমাপনী অনুষ্ঠান। কুর্মিটোলা গলফ ক্লাবসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের দেশী-বিদেশী প্রায় ৬৫০ জন গলফার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।

আজ সকালে টুর্নামেন্টে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। স্পন্সর প্রতিষ্ঠান দ্য গলফ হাউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক এ এম এম নজরুল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া কুর্মিটোলা গলফ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য গলফ হাউজ ও অন্যান্য কো-স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে ছিলেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিযোগিতার প্রথম দিন অংশ নেন ১৮৭ গলফার। এরপর দ্বিতীয় দিনে ৩১৬ ও তৃতীয় দিনে ১৮৭ গলফার অংশ নেন । প্রতিযোগিতায় গলফারদের অংশগ্রহণ এটিকে দেশের বৃহৎ করপোরেট গলফ প্রতিযোগিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাত ৮টায় কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের পুরস্কার দেবেন।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক বণিক বার্তা।