দেশের পুঁজিবাজারে গত সপ্তাহে সূচকের ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এ সময়ে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। পাশাপাশি আলোচ্য সপ্তাহে এক্সচেঞ্জটির জীবন বীমা, সাধারণ বীমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সূচক বাড়ার পাশাপাশি লেনদেন কমেছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, বর্তমানে অধিকাংশ সিকিউরিটিজ ফ্লোর প্রাইসে লেনদেন হচ্ছে। এ সময়ে সুযোগসন্ধানী কিছু বিনিয়োগকারী দ্রুত মুনাফা লাভের আশায় সুনির্দিষ্ট কিছু খাতের শেয়ারে বিনিয়োগ করেছেন। পাশাপাশি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে কিছু বিনিয়োগকারী গত সপ্তাহে তাদের ধারণকৃত শেয়ার ছেড়ে দিয়েছেন। এ সুযোগও অনেকে ব্যবহার করেছে। এছাড়া সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃক রেপোর হার কিছুটা বাড়ানো হয়েছে, সামনে সুদের হার সমন্বয় করা হতে পারে বলে প্রত্যাশা করছেন বিনিয়োগকারীরা। তাছাড়া বৈশ্বিক ও দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য অনেকেই বর্তমানে সাইডলাইনে রয়েছেন।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স আগের সপ্তাহের তুলনায় ৫৬ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৫৭০ পয়েন্টে। আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ হাজার ৫১৩ পয়েন্টে। সূচকের উত্থানে গত সপ্তাহে সবচেয়ে বেশি অবদান ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশনস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, কোহিনূর কেমিক্যালস, বিবিএস কেবলস, কেয়া কসমেটিক ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের শেয়ারের।

ডিএসইর অন্য সূচকের মধ্যে নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ সপ্তাহের ব্যবধানে ৩১ দশমিক ১৫ পয়েন্ট বা ১ দশমিক ৩৪ শতাংশ বেড়ে ২ হাজার ৩৬২ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ২ হাজার ৩৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ২৩ দশমিক ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহ শেষে যা ছিল ১ হাজার ৪২০ পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৯৬টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির আর অপরিবর্তিত ছিল ১৯২টির। এছাড়া লেনদেন হয়নি ৯টির।

ডিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ৫ হাজার ২৭৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে লেনদেন ছিল ৭ হাজার ৩০৬ কোটি ১৭ কোটি টাকা। সে হিসাবে এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক লেনদেন কমেছে ২ হাজার ২৭ কোটি ৯৯ লাখ টাকার বেশি বা ২৭ দশমিক ৭৬ শতাংশ। পাশাপাশি এক্সচেঞ্জটিতে সাপ্তাহিক গড় লেনদেন কমেছে ১৪১ কোটি ৬৯ লাখ টাকা বা ৯ দশমিক ৭০ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড়ে ১ হাজার ৩১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যেখানে আগের সপ্তাহে দৈনিক গড় লেনদেন ছিল ১ হাজার ৪৬১ কোটি ২৩ লাখ টাকা।  

গত সপ্তাহে এক্সচেঞ্জটির খাতভিত্তিক লেনদেনে শীর্ষে রয়েছে ওষুধ ও রসায়ন খাত। ডিএসইর মোট লেনদেনের ১৮ শতাংশই ছিল খাতটির দখলে। ১৬ দশমিক ৭০ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিধ খাত। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। এ খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ১৫ দশমিক ২০ শতাংশ। ৭ দশমিক ১০ শতাংশ লেনদেন নিয়ে তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে সেবা ও আবাসন খাত। পরের অবস্থানে থাকা বস্ত্র খাতের দখলে রয়েছে মোট লেনদেনের ৬ দশমিক ৪০ শতাংশ।

গত সপ্তাহে ডিএসইর অধিকাংশ খাতে নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নেতিবাচক রিটার্ন এসেছে ভ্রমণ খাতে, ৩ দশমিক ৪০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা জীবন বীমা খাতে এসেছে ২ দশমিক ২ শতাংশ নেতিবাচক রিটার্ন। আর তৃতীয় অবস্থানে থাকা বিবিধ খাতে এসেছে ১ দশমিক ৫০ শতাংশ হারে নেতিবাচক রিটার্ন। এছাড়া আর্থিক প্রতিষ্ঠান খাতে ১ দশমিক ৫০ শতাংশ ও সাধারণ বীমা খাতে দশমিক ৪০ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে গত সপ্তাহে। অন্যদিকে গত সপ্তাহে সবচেয়ে বেশি ইতিবাচক রিটার্ন এসেছে পাট খাতে, ৫ দশমিক ৫০ শতাংশ। দ্বিতীয় অবস্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে এসেছে ৩ দশমিক ২০ শতাংশ ইতিবাচক রিটার্ন। এছাড়া কাগজ ও মুদ্রণ খাতে এসেছে দশমিক ৯০ শতাংশ ইতিবাচক রিটার্ন।

গত সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২১ হাজার ৬৭৬ কোটি ৪৫ লাখ টাকায়। যেখানে সপ্তাহের শুরুতে বাজার মূলধন ছিল ৫ লাখ ১৯ হাজার ৯১৪ কোটি ৪ লাখ টাকায়। সে হিসাবে আলোচ্য সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৭৬২ কোটি ৪০ লাখ টাকা বা দশমিক ৩৪ শতাংশ।

অন্যদিকে সিএসইতে গত সপ্তাহে সার্বিক সূচক সিএএসপিআই দশমিক ৭৫ শতাংশ বেড়ে ১৯ হাজার ৩৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের সপ্তাহে যা ছিল ১৯ হাজার ১৮৯ পয়েন্টে। সিএসসিএক্স সূচকটি গত সপ্তাহ শেষে দশমিক ৭৬ শতাংশ বেড়ে ১১ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছে। আগের সপ্তাহ শেষে সূচকটির অবস্থান ছিল ১১ হাজার ৫০২ পয়েন্টে। সিএসইতে গত সপ্তাহের চার কার্যদিবসে ৮৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহের পাঁচ কার্যদিবসে যেখানে লেনদেন হয়েছিল ৫৩৪ কোটি ১৬ লাখ টাকা। আলোচ্য সময়ে সিএসইতে লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ৭৮টির, অপরিবর্তিত রয়েছে ১৪২টির।