গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) জাপানিজ গাড়ি নির্মাতা হোন্ডা মোটর করপোরেশনের মুনাফায় নিম্নমুখী প্রবণতা দেখা যায়। এর আগের বছরের একই সময়ের অর্ধেক মুনাফা অর্জন করেছে এ প্রান্তিকে। সরবরাহ সংকট ও কাঁচামালের মূল্য বেড়ে যাওয়ায় লাভ কমেছে প্রতিষ্ঠানটির। খবর জাপানটুডে।

সম্প্রতি হোন্ডা জানিয়েছে, জানুয়ারি-মার্চ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা ৪১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৪৮০ কোটি ইয়েন বা ৯৬ কোটি ৭০ লাখ ডলারে। এর আগের বছর একই সময়ে হোন্ডার মুনাফা ছিল ২১ হাজার ৩৩০ কোটি ইয়েন।

এ বিষয়ে হোন্ডা জানিয়েছে ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে সরবরাহ সংকটের কারণে নতুন আশঙ্কা দেখা দিয়েছে। মূলত চীনে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সরবরাহ সংকটের সম্মুখীন প্রতিষ্ঠানটি। ঊর্ধ্বমুখী চাহিদা থাকা সত্ত্বেও সেমিকন্ডাক্টর সংকটের কারণে হোন্ডার বিক্রি ব্যাহত হয়েছে। এর জন্য বিকল্প কোনো সরবরাহকারীর সন্ধান করছে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে হোন্ডার প্রধান বাণিজ্যিক কর্মকর্তা কোহেই তাকেউচি জানান, আমাদের গাড়ির জন্য অপেক্ষমাণ ভোক্তাদের অসুবিধার জন্য গভীরভাবে দুঃখিত।

মার্চে সমাপ্ত অর্থবছরে হোন্ডার মুনাফা ছিল ৭০ হাজার ৭০০ কোটি ইয়েন বা ৫৫০ কোটি ডলার সমপরিমাণ। এর আগের বছর মুনাফা ছিল ৬৫ হাজার ৭০০ কোটি ইয়েন। সে হিসেবে মুনাফা বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ। সদ্যসমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটির বিক্রি ১০ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৪ দশমিক ৬ ট্রিলিয়ন বা ১১ হাজার ৩০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।

সদ্যসমাপ্ত অর্থবছরে হোন্ডার মোটরসাইকেল বিক্রি ১২ দশমিক ৫ শতাংশ বেড়ে ১ কোটি ৭০ লাখে উন্নীত হয়েছে। বিক্রি বেশি ছিল এশিয়া মহাদেশে।

চলতি অর্থবছরের পূর্বাভাস বলছে, হোন্ডার মুনাফা এবার ৭১ হাজার কোটি ইয়েন বা ৫৫০ কোটি ডলারের সমপরিমাণ হবে। তবে কাঁচামালের মূল্যবৃদ্ধির ঝুঁকিও রয়েছে। সম্প্রতি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) গবেষণায় আগামী দশকে ৫ ট্রিলিয়ন ইয়েন বা ৩ হাজার ৯০০ কোটি ডলার বিনিয়োগ করা হবে।