বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম কমেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সন্ধ্যায় জানিয়েছে, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৮৭০ টাকা। অর্থাৎ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৮০ হাজার ১৩২ টাকায়। আজ সোমবার পর্যন্ত যা ছিল ৮১ হাজার ২৯৮ টাকা। অর্থাৎ ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ১ হাজার ১৬৬ টাকা।
আজ বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। আগামীকাল মঙ্গলবার থেকে এ দাম কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেটের স্বর্ণের দাম ৭৬ হাজার ৫১৬ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ৬৫ হাজার ৫৫২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৫৪ হাজার ৩৫৪ টাকা হয়েছে।
তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।










