নিউইয়র্কের সোহো মানেই ফ্যাশন, ট্রেন্ড ও নতুনত্ব। সেখানে ফ্যাশনকেন্দ্রিক নতুন কনসেপ্ট স্টোর উন্মোচন করেছে রিটেইল জায়ান্ট টার্গেট। নতুন স্টোরটির মাধ্যমে স্টাইল ও ডিজাইনের ক্ষেত্রে নিজেদের পুরনো সুনাম ফেরাতে চায় কোম্পানিটি। পাশাপাশি বেশি খরচে আগ্রহী ক্রেতাদের আকর্ষণ করাও লক্ষ্যের অন্তর্ভুক্ত।
সাউথ অব হিউস্টন স্ট্রিট বা সোহোয় নিজেদের পুরনো একটি স্টোরকে নতুন করে সাজিয়েছে টার্গেট। স্টোরটি অবস্থিত সোহোর ব্যস্ত এলাকার মাঝামাঝি ব্রডওয়ে সড়কের ৬০০ নম্বর ভবনে। প্রায় সাত বছর আগে চালু হওয়া এ স্টোরে আগে মূলত ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় পণ্যই বিক্রি হতো। এবার সে চিত্র পুরোপুরি বদলেছে। টার্গেটের চিফ গেস্ট এক্সপেরিয়েন্স অফিসার কারা সিলভেস্টার বলেন, ‘স্টোরটির পণ্য নির্বাচন ও উপস্থাপনা নতুন করে সাজানো হয়েছে, যেখানে ফ্যাশন ও লাইফস্টাইল পণ্যে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।’
স্টোরে ঢুকলেই চোখে পড়বে লাল রঙের দীর্ঘ করিডোর। এটি টার্গেটের বুলসআই লোগো থেকে অনুপ্রাণিত। অংশটির নাম ‘দ্য ড্রপ’। এখানে মৌসুমভিত্তিক থিমে পণ্য সাজানো থাকবে। চার-ছয় সপ্তাহ পরপর থিম বদলাবে। পোশাক, হোম ডেকর, সৌন্দর্য ও উপহার—সব ধরনের পণ্য একসঙ্গে পাওয়া যাবে।
সৌন্দর্যপণ্যের জন্য রয়েছে ‘ব্রডওয়ে বিউটি বার’। এটি সেলফি ও সোশ্যাল মিডিয়ার জন্য বিশেষভাবে নকশা করা। এখানে টার্গেটের এক্সক্লুসিভ ফ্র্যাগরেন্স ব্র্যান্ড ফাইন’রি ছাড়াও বিভিন্ন জনপ্রিয় সৌন্দর্যপণ্য থাকবে। উদ্বোধনের সময় সেলিব্রিটি মেকআপ আর্টিস্ট কেটি জেন হিউজ বাছাই করা পণ্য প্রদর্শন করা হয়েছে।
স্টোরের পেছনের অংশে রয়েছে ‘কিউরেটেড বাই’ সেকশন। এখানে অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটরদের বাছাই করা পণ্য কেনার সুযোগ থাকবে। কিউআর কোড স্ক্যান করে তাদের পছন্দের তালিকাও দেখতে পারবেন ক্রেতারা।
টার্গেটের নতুন স্টোরটি শুধু ডিজাইনের পরীক্ষা নয়। এটি কোম্পানির বড় ব্যবসায়িক কৌশলের অংশ। প্রায় চার বছর ধরে বিক্রি স্থবির থাকার পর ফ্যাশন ও ডিসক্রিশনারি পণ্যে আবার জোর দিতে চায় টার্গেট। আগামী ফেব্রুয়ারিতে দায়িত্ব নিতে যাওয়া নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফিডেলকের অন্যতম অগ্রাধিকারও এটি। বর্তমানে যুক্তরাষ্ট্রে টার্গেটের প্রায় দুই হাজার স্টোর রয়েছে। এর মধ্যে নিউইয়র্ক সিটিতেই আছে ৪২টি। খবর সিএনবিসি










