একই সঙ্গে তিনি ব্যাংকটির করপোরেট ফিলানথ্রোপি কার্যক্রমের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করবেন। সামাজিক উন্নয়ন, দাতব্য কার্যক্রম ও উন্নয়নমূলক উদ্যোগ পরিচালনায় তার দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড সূত্রে জানা গেছে, নতুন দায়িত্বে নালিনী তারাকেশ্বর ফাউন্ডেশনের বৈশ্বিক কৌশল নির্ধারণ, বিভিন্ন সামাজিক উদ্যোগ বাস্তবায়ন এবং সেগুলোর প্রভাব সম্প্রসারণে নেতৃত্ব দেবেন। বিশেষ করে তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন ও কর্মজীবনে প্রবেশের পথে প্রতিবন্ধকতা দূর করার মতো উদ্যোগগুলোকে এগিয়ে নেয়ার ওপর গুরুত্ব দেয়া হবে।

এর আগে নালিনী তারাকেশ্বর ইউবিএস অপ্টিমাস ফাউন্ডেশনের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। উন্নয়নমূলক প্রকল্প পরিচালনা, দাতব্য তহবিল ব্যবস্থাপনা ও সামাজিক প্রভাবমূলক কর্মসূচি বাস্তবায়নে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যালেন্ট অফিসার এবং ফাউন্ডেশনের ট্রাস্টি তানুজ কাপিলাশ্রামী বলেন, ‘‌তরুণরা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমাদের ফাউন্ডেশন এরই মধ্যে এক লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করেছে এবং সাত লাখের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। বৈশ্বিক নেটওয়ার্ক ও অংশীদারত্ব কাজে লাগিয়ে আমরা এ প্রভাব আরো বিস্তৃত করতে চাই। এক্ষেত্রে নালিনী তারাকেশ্বরের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নতুন দায়িত্ব নিয়ে নালিনী তারাকেশ্বর বলেন, ‘‌স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শক্তিশালী বৈশ্বিক ব্যাংক এবং এর ফাউন্ডেশন এরই মধ্যে সুবিধাবঞ্চিত তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এ সাফল্যকে আরো বিস্তৃত করার সুযোগ রয়েছে। এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’ —বিজ্ঞপ্তি