চীনের সাংহাইয়ের কারখানায় বেশিরভাগ গাড়ি উত্পাদন বন্ধ করে
দিয়েছে টেসলা। যন্ত্রাংশ সংকটের কারণে আজ মঙ্গলবার কারখানাটিতে গাড়ি উত্পাদন কয়েকশ
ইউনিটে নামিয়ে আনা হয়েছে। একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।
কভিড-১৯ মহামারীর
শুরু থেকেই সংকটপূর্ণ সময় পার করছে অটোমোবাইল শিল্প। চিপ ও যন্ত্রাংশ ঘাটতির কারণে
বার বার উত্পাদন বন্ধ করতে বাধ্য হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আবার চীনে লকডাউনের মতো বিধিনিষেধে পুরোপুরি বন্ধ
করতে হয়েছে কারখানা। এ বিধিনিষেধের কারণে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির
সাংহাইয়ের কারখানা ২২ দিন বন্ধ ছিল।
এরপর গত ১৯ এপ্রিল কারখানাটি চালু করা হয়। চালুর প্রথম দিকে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ ইউনিট গাড়ি তৈরি করা হতো। কিন্তু মঙ্গলবার সেই উত্পাদন ২০০ ইউনিটেরও কম গাড়িতে নামিয়ে আনা হয়েছে।
এর আগে বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছিল, প্রয়োজনীয় যন্ত্রাংশের সরবরাহ সমস্যার কারণে বাধ্য হয়ে সোমবারই
কারখানাটির উত্পাদন বন্ধ করা হয়েছে। বর্তমানে কারখানাটি খুবই সীমিত আকারে চালু রয়েছে।










