ইনস্ট্যান্ট নুডলসের বৈশ্বিক চাহিদা ১২ হাজার ১২০ কোটি সার্ভিংয়ে পৌঁছেছে। টানা সপ্তম বছরে চাহিদা বেড়ে ২০২২ সালে তা সর্বকালের সর্বোচ্চ বিক্রিতে পৌঁছে। সম্প্রতি ওসাকার সদর দপ্তর থেকে ওয়ার্ল্ড ইনস্ট্যান্ট নুডলস অ্যাসোসিয়েশন এ তথ্য প্রকাশ করে। খবর নিক্কেই এশিয়া।

সংস্থার তথ্যানুসারে, ২০২১ সালের তুলনায় গত বছর নুডলস প্রতিবেশনের সংখ্যা প্রায় ২ দশমিক ৬ শতাংশ বেড়েছে। ৫৬টি অর্থনৈতিক অঞ্চলের আনুমানিক চালানের ওপর ভিত্তি করে এ পরিসংখ্যান প্রকাশ হয়েছে। গত বছর ইনস্ট্যান্ট নুডলসের বাজার হিস্যার শীর্ষে ছিল চীন। এর পরের স্থানে ছিল ইন্দোনেশিয়া। তারপর ভারত, ভিয়েতনাম ও জাপান। 

কভিড মহামারীকালীন ২০২০ সালে নুডলসের চাহিদা ৯ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। এরপর ২০২১ সালে আগের বছরের তুলনায় ১ দশমিক ৪ শতাংশ কমে। কিন্তু তা আবার ২০২২ সালে বেড়েছে। গত বছর মূল্যস্ফীতির কারণে অনেক দেশে খাদ্যের দাম বেড়েছে। তবে ইনস্ট্যান্ট নুডলসের দাম কম থাকায় চাহিদা বেড়েছে। 

বিশেষ করে মেক্সিকোয় ইনস্ট্যান্ট নুডলসের বাজার দ্রুত প্রসার হয়েছে। ২০২১ সালে চাহিদা বাড়ে ১৭ দশমিক ২ শতাংশ এবং গত বছর এ প্রবৃদ্ধি ছিল ১১ শতাংশ। বিপরীতে ২০২১ সালে যুক্তরাষ্ট্রে বাজার হিস্যা ১ দশমিক ৪ শতাংশ কমে যায়। অবশ্য ২০২২ সালে আবার ৩ দশমিক ৪ শতাংশ বাড়ে। 

ইনস্ট্যান্ট নুডলস এশিয়াজুড়ে জনপ্রিয়। এশিয়ার অনেক দেশে স্যুপ-নুডলস খাদ্য সংস্কৃতির একটি অংশ। তবে তাদের জনপ্রিয়তা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মতো জায়গায়ও বাড়ছে। যেখানে এ জাতীয় খাদ্যের জনপ্রিয়তা আগে ছিল না।

 প্রধান ইনস্ট্যান্ট নুডলস প্রস্তুতকারক নিসিন ফুডস জানায়, মূল্যস্ফীতির কারণে আগে ইনস্ট্যান্ট নুডলস খায়নি এমন ভোক্তারাও বর্তমানে ইনস্ট্যান্ট নুডলস কিনছে । 

নিসিন ফুডস ও টয়ো সুইসান, উভয়েই ২০২৩ সালের মার্চে শেষ হওয়া অর্থবছরে বিদেশী লেনদেন থেকে উল্লেখযোগ্য পরিমাণে মুনাফা অর্জন করেছে। উভয় প্রতিষ্ঠানই ২০২৫ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ও মেক্সিকোয় ক্রমবর্ধমান চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করেছে।