স্কুলের শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত করতে সারা দেশের বাংলা ও ইংরেজি মাধ্যমের আরো ৫০০ স্কুলে এ বছরও ২০ হাজার কপি গ্রাফিক নভেল ‘মুজিব’ বিতরণ করবে বিকাশ। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) প্রকাশিত গ্রাফিক নভেল ‘মুজিব’ বিকাশের পৃষ্ঠপোষকতায় স্কুলগুলোতে বিতরণ কার্যক্রমে সহায়তা করবে বিশ্বসাহিত্য কেন্দ্র। গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে বিশ্বসাহিত্য কেন্দ্র অডিটোরিয়ামে স্কুলশিক্ষার্থী ও প্রতিনিধিদের হাতে বই তুলে দিয়ে এবারের কার্যক্রম উদ্বোধন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিকাশের সিইও কামাল কাদীর, চিফ এক্সটারনাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল শেখ মো. মনিরুল ইসলাম (অব.) এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এ সময় উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি