গতকাল পুঁজিবাজারে দর কমার তালিকায় শীর্ষে ছিল আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ১৯ শতাংশ কমে সর্বশেষ ১০ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। দিনভর কোম্পানিটির শেয়ার ১০ টাকা ৫০ পয়সা থেকে ১১ টাকা ৩০ পয়সার মধ্যে লেনদেন হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসইতে গতকাল ইউনিয়ন ক্যাপিটালের ১৬ লাখ ৮৪ হাজার ৮০৪টি শেয়ার লেনদেন হয়েছে। এ বছরের ২ আগস্টের পর থেকেই কোম্পানিটির শেয়ারদরে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে। তবে গত ২৫ আগস্ট থেকেই কোম্পানির শেয়ারে দরপতন হতে শুরু করে।
২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটালের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৭২ কোটি ৫৭ লাখ ৪০ হাজার টাকা। পুঞ্জীভূত লোকসান ২৩৯ কোটি ৯৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৩৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৪ দশমিক ৫৬ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪২ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ দেয়নি ইউনিয়ন ক্যাপিটাল। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮ টাকা ৩ পয়সা।










