রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিতে বড় ধরনের পতন দেখা দিয়েছে। গত অক্টোবরে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি আগের মাসের তুলনায় ৭০ শতাংশ কমে গেছে বলে রাশিয়ার রাজস্ব বিভাগের প্রতিবেদনে জানানো হয়েছে। তবে এলএনজির রফতানি কমার পেছনে প্রতিবেদনে কোনো কারণ উল্লেখ করা হয়নি। খবর রয়টার্স ও বিজনেস ইনসাইডার।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ২০ লাখ ঘনমিটার এলএনজি রফতানি হয়েছে। এক মাসের ব্যবধানে দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি কমেছে ৭০ শতাংশ।

শুধু আগের মাসের তুলনায় নয়, বরং গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের অক্টোবরে রাশিয়া থেকে এলএনজি রফতানি কমতির দিকে ছিল। ২০১৯ সালের অক্টোবরে দেশটি মোট ৯২ লাখ ঘনমিটার এলএনজি রফতানি করেছিল।

তবে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ অক্টোবরে রাশিয়ার এলএনজি রফতানিতে ধস দেখা গেলেও চলতি বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানিতে চাঙ্গা ভাব বজায় ছিল। জানুয়ারি-অক্টোবর সময়ে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৫ কোটি ৭১ লাখ ঘনমিটার এলএনজি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৮ শতাংশ বেশি।

একই সময় এলএনজি রফতানি করে রুশ রফতানিকারকরা সব মিলিয়ে ৬০০ কোটি ডলার আয় করেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির রফতানি বাবদ রুশ রফতানিকারকদের আয় কমেছে ১৫ শতাংশ।

রাশিয়া বিশ্বের চতুর্থ শীর্ষ এলএনজি রফতানিকারক দেশ। প্রতি বছরই দেশটি থেকে জ্বালানি পণ্যটির রফতানি ক্রমেই বাড়তির পথে রয়েছে। তবে চলতি বছর করোনা মহামারী ও লকডাউনের কারণে রাশিয়ার এলএনজি রফতানিতে প্রবৃদ্ধি কমে আসতে পারে।