ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গত সোমবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।

অধ্যাপক ড. সামসাদ মর্তূজা একজন খ্যাতিমান শিক্ষাবিদ। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ২০১৮-২২ সাল পর্যন্ত ইউল্যাবের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

৩২ বছরের শিক্ষকতা অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক সামসাদ যুক্তরাজ্যের বার্কবেক কলেজ ও ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি লস অ্যাঞ্জেলেসের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একজন ফুলব্রাইট পোস্ট-ডক্টরাল ফেলো। অধ্যাপক সামসাদ পেন বাংলাদেশ ও বাংলাদেশ ফুলব্রাইট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি। শিক্ষা, গবেষণা ও প্রকাশনায় তার বহুমাত্রিক অবদান দেশীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত।