চীনের রাজধানীতে কভিড-১৯ সংক্রমণের গতি পুনরায় ঊর্ধ্বমুখী হয়েছে। সংক্রমণ রোধে ২ কোটি ২০ লাখ নাগরিকের অধিকাংশকে ঘর থেকে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং কর্তৃপক্ষ। অন্যদিকে দুই মাসের লকডাউন শেষে শূন্য কভিড নীতি ধরে রাখতে বিধিনিষেধ আরোপসহ পরীক্ষণ কেন্দ্রের সংখ্যা বাড়িয়েছে সাংহাই। খবর রয়টার্স।
গতকাল চীনের রাজধানী কর্তৃপক্ষ একদিনে আরো ৯৯ জনের করোনা শনাক্তের তথ্য প্রকাশ করেছে। যা এক মাসের মধ্যে একদিনে সর্বোচ্চ। অন্যদিকে সাংহাইয়ে একদিনে ৬০০-এর কম সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে।
গ্যাভেকাল ড্রাগোনমিকসের গবেষকরা জানান, চীনের ৫ শতাংশেরও কম শহরে কভিড-১৯ সংক্রমণের তথ্য পাওয়া গিয়েছে, যা মার্চ-পরবর্তী সময়ের তুলনায় কম। বেইজিংয়ে নতুন করে কোনো অঞ্চলে লকডাউনের ঘোষণা করা হয়নি। তবে ১৬টি জেলার পাঁচটি শহরের বাসিন্দাদের বাসা থেকে কাজ করার পাশাপাশি সমবেত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে। যাদের বাধ্যতামূলকভাবে কর্মক্ষেত্রে যেতে হবে তাদের ৪৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট থেকে পাওয়া নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
উইচ্যাট অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বেইজিংয়ের টংঝু প্রদেশের কর্তৃপক্ষ জানায়, শহরের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা নাজুক অবস্থায় রয়েছে। পাশাপাশি অন্য পাঁচটি প্রদেশের নাগরিকদের চলতি সপ্তাহে বাসা থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।










