দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ৩ হাজার ১৬৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩ দশমিক ৯৪ শতাংশ বা ৭৫৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন ছিল ১০ কোম্পানির দখলে। এ ১০ কোম্পানির মধ্যে ১৯৪ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে বেক্সিমকোর ১ কোটি ৬৭ লাখ ১১ হাজার ৫৭৮টি শেয়ার হাতবদল হয়েছে। যার আর্থিক মূল্য ১৯৪ কোটি ১১ লাখ ১৫ হাজার টাকা, যা এক্সচেঞ্জটির মোট লেনদেনের ৬ দশমিক ১২ শতাংশ। তবে আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ২ দশমিক শূন্য ৬ শতাংশ। তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো যথাক্রমে- মতিন স্পিনিং মিলস, কেডিএস অ্যাকসেসরিজ, ফরচুন সুজ, আইপিডিসি ফাইন্যান্স, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ওরিয়ন ইনফিউশন, কাট্টলী টেক্সটাইলস, স্কয়ার টেক্সটাইলস ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।