৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেডের। এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে প্রায় ৫৪ শতাংশ। ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানিটির সর্বশেষ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুসারে, সর্বশেষ সমাপ্ত হিসাব বছরে দ্য পেনিনসুলা চিটাগংয়ের ইপিএস হয়েছে ১৯ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৪১ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২২ পয়সা বা ৫৩ দশমিক ৬৬ শতাংশ। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৪৭ পয়সায়। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩০ টাকা ২৮ পয়সায়।
এদিকে আলোচ্য হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের আলোকে শেয়ারহোল্ডারদের জন্য ২ দশমিক ৫০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। ঘোষিত লভ্যাংশ ও আলোচ্য হিসাব বছরের অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে এ বছরের ১৯ ডিসেম্বর বেলা ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভার (এজিএম) আহবান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ধরা হয়েছে ১৪ নভেম্বর।
এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪১ পয়সা, এর আগের হিসাব বছরে যা ছিল ৫ পয়সা। এ বছরের ৩০ জুন কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০ টাকা ২৮ পয়সায়। আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৩০ টাকা ৮৭ পয়সা।
ডিএসইতে আজ পেনিনসুলা চিটাগংয়ের শেয়ার সর্বশেষ ও সমাপনী দর ছিল ৩২ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২৬ টাকা ৯০ পয়সা ও ৪৪ টাকা ৯০ পয়সা।










